কলকাতা: বজবজের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। ধৃত মিঠুন টিকাদারকে থানা থেকে বের করার সময় 'চোর চোর' স্লোগান স্থানীয়দের। খুনের চেষ্টা-সহ একাধিক মামলায় তাঁকে অসম থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। বজবজ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে স্লোগান দেন স্থানীয়রা।
দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার তৃণমূল নেতা কর্মীরা। পূর্ব মেদিনীপুরের কলেজে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে। অন্যদিকে সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাইকে গ্রেফতার করা হল। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই দুর্নীতি, তোলাবাজি রোধ করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন। শহর থেকে জেলা একের পর এক তৃণমূল নেতা কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীকে। বুধবার রাত ১০টা নাগাদ তাঁকে আটক করে মহিষাদল থানা।
পুলিশ সূত্রে খবর, একজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন চাকরি দেওয়ার নাম করে টাকা নেন তিলক চক্রবর্তী। চাকরিও মেলেনি, টাকাও মেলেনি। বুধবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তিলক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁর ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। ২০১৫ সাল থেকে ২০২৬ সালের ভোটের আগে পর্যন্ত কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন তিলক চক্রবর্তী।কয়েকদিন মহিষাদল রাজ কলেজে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অন্য একটি অভিযোগে তিলক চক্রবর্তী ঘনিষ্ঠ ছবিলাল মাইতিকে গ্রেফতার করা হয়েছিল। অন্যদিকে সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক নমিতা সাহার ভাইকে গ্রেফতার করল পুলিশ।মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ রবিন সাহাকে গ্রেফতার করে মগরাহাট থানা।বুধবার নমিতা সাহার পৈতৃক বাড়ি থেকে গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ।এই বাড়িতেই থাকতেন অভিযুক্ত রবিন সাহা। ত্রাণ সামগ্রী বাড়ি থেকে বের করায় সময়ে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে গ্রেফতার করে মগরাহাট থানা। ঘটনাস্থলে যান মগরাহাটের বিডিও। বুধবারের পরে বৃহস্পতিবারও বর্ধমান দক্ষিণে তৃণমূলের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে উদ্দেশ্য করে 'চোর' স্লোগান দেওয়া হয়।
