কলকাতা : গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া। নিউটাউন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, সাইবার প্রতারণা মামলায় এই গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি এফআইআর দায়ের করা হয়। আর তারপর আজ ইকো পার্কের কাছে এক হোটেল থেকে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং গ্রেফতার করে এই শিল্পপতিকে।
ইকোপার্ক এলাকার বাসিন্দা স্বপন কুমার মণ্ডল নামের এক প্রবীণ নাগরিক অভিযোগ করেন তিনি মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করেন। আর সেই অ্যাপ ইনস্টল করে তিনি সেখানে বিনিয়োগ করেন। মোটা টাকা রিটার্নের আশায় এই বিনিয়োগ করেন তিনি। এইভাবে ওই প্রবীণ নাগরিকের প্রায় ৯৩ লক্ষ টাকা খোয়া যায়। তদন্তে জানা যায় প্রতারণার টাকা একাধিক সেল কোম্পানি মারফত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঘোরানো হয়। সেই অ্যাকাউন্টগুলো পরিচালিত হয়েছে পবন রুইয়া ও তাঁর পরিবারের সদস্যদের দ্বারা। তদন্তে আরও জানা যায়, এটা রুইয়া সেন্টার থেকে কন্ট্রোল হয়েছে। উল্লেখ্য, কলকাতার পার্ক সার্কাসের কাছে সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ের কাছে এই রুইয়া সেন্টার অবস্থিত।
এরপরই বিধাননগরে অবস্থিত রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং এই তদন্ত শুরু করে। তদন্তে আরও জানা যায়, সাইবার অপরাধের পোর্টাল অনুযায়ী আরও ১ হাজার ৩৭৯টি সাইবার প্রতারণার অভিযোগ ইতিমধ্যেই রয়েছে এই চক্রের বিরুদ্ধে। আর এই প্রতারণার অঙ্ক প্রায় কয়েকশো কোটি টাকা। তদন্তকারীদের দাবি এই চক্র প্রতারণার টাকা বিদেশে পাচার করে দিত। এবং সেই টাকা ক্রিপ্টোতে বিনিয়োগ করে।
উল্লেখ্য, এদিনই আদালত পবন রুইয়ার নামে থাকা আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেয়। আর তারপরই রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইং গ্রেফতার করে এই শিল্পপতিকে। জানা গিয়েছে, আগামিকাল বিধাননগর আদালতে তোলা হবে পবন রুইয়াকে।
