অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : ভোটের প্রচারে অভিনব কায়দায় ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার সবুজ সাথীর সাইকেলে চড়ে ভোটের প্রচার করলেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে আবার স্কুটার চড়ে ভোটের প্রচার করতে দেখা গিয়েছে আরেক তৃণমূল প্রার্থীকে। স্কুটার চালিয়ে প্রচারে নামলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। 

Continues below advertisement

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ২২৫ নম্বর বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকালে অভিনব প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি। এদিন তিনি সরকারের দেওয়া ‘সবুজ সাথী’ সাইকেলে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চালান। মদনমোহনচক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের উন্নয়নের বার্তা তুলে ধরেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদনও জানান।              

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। আপাতত জোরকদমের ভোট প্রচারে নেমেছেন সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা। ভোটের প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীরা কে কী করলেন, চলুন দেখে নেওয়া যাক একনজরে।        

Continues below advertisement

ভোটের প্রচারে গিয়ে ঘুঁটে শুকানোর কাজে ভোটারকে সাহায্য করেছেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। এখানেই শেষ নয়। এক বৃদ্ধা ভোটারকে কোলে তুলে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। ভোট প্রচারে গিয়ে ভোটারের বিক্ষোভের সম্মুখীনও হয়েছেন তিনি। এছাড়াও ভোটের প্রচারে গিয়ে বলাগড়ের তৃণমূল প্রার্থী নির্মল মাজি ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন। বাড়ির লোকের মতো চেয়ে-চিন্তে মাছ-ভাত খেয়েছেন। বিনা পয়সাও চিকিৎসাও করেছেন ভোটারের। এর পাশাপাশি কোনও তৃণমূল প্রার্থী ভোটারের বাড়ি গিয়ে রুটি বেলেছেন। কেউ বা শিল-নোড়ায় বেটেছেন মশলা। যেভাবেই হোক ভোটারদের মন জয় করাই প্রার্থীদের একমাত্র লক্ষণ এখন।        

ভোট-প্রচারে বেরিয়ে রান্না করতে দেখা গেল বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়াকে। গৃহস্থের হেঁশেলে ঢুকে শিল-নোড়া দিয়ে মশলা বেটেছেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এরপর আবার রান্নাতেও সাহায্য করেন তিনি। ভোট বড় বালাই। ভোটারদের মনজয় করার জন্য অভিনব কায়দায় প্রচারে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। চলছে ভোটের কাউন্টডাউন। জোর কদমে চলছে প্রচার।