কলকাতা: পুরভোট নিয়ে এবার তৃণমূল ও বামেদের নিশানা বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হওয়ার পর একজোট হয়েছে তৃণমূল এবং বাম। এমনকি তৃণমূলই সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে বলে দাবি করলেন শমীক। সেই সঙ্গে নিশানা করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। এখন তৃণমূল এবং বামেদের মধ্যে ভাব হয়েছে বলেও মন্তব্য করলেন। (Samik Bhattacharya)

Continues below advertisement

পুরসভা নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যেই এমন মন্তব্য করলেন শমীক। তাঁর বক্তব্য, "কলকাতা পুরসভার মেয়রকে আমরা কেউ চলে যেতে বলিনি। পশ্চিমবঙ্গের কোনও মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন ভেঙে দিইনি আমরা। কলকাতা, হাওড়া-সহ কর্পোরেশনগুলিতে অচলাবস্থা তৈরি করেছে তৃণমূল। তৃণমূল এখন সিপিএম-কে কোর্টে পাঠিয়ে দিয়েছে।" (BJP News)

নির্বাচন পরবর্তী সময়ে তৃণমূল এবং সিপিএম একজোট হয়েছে বলেও এদিন দাবি করেন শমীক। তাঁর কথায়, "তৃণমূল আর সিপিএম এখন এক হয়েছে। এখন প্রবল ভালবাসা। আর লড়াই নেই বিকাশ ভট্টাচার্য আগে লজ্জা পেতেন রাজ্যসভায় তৃণমূলের পাশে বসতে। কারও কারণ মধ্যে গেরুয়া তাণ্ডব দেখতে পান উনি। এখন তাদের অনুরোধে সাড়া দিয়েছেন।"

Continues below advertisement

আরও পড়ুন: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা

বিকাশকে নিশানা করে শমীক বলেন, "কারও কারও হৃদয় বড়। উনি ছোট মনের মানুষ নন। আমরা চাই সঠিক সময়ে নির্বাচন হোক। নির্বাচন যদি না হয়...মুখ্যমন্ত্রীর দায়িত্ব এবং দায়বদ্ধতার মধ্যে পড়ে মানুষকে পরিষেবা দেওয়া। ভোট পিছিয়ে গেলে বিজেপি-রই সুবিধা। কারণ ভোট পিছিয়ে গেলে বিজেপি-র লোকেরাই বসবে, বিজেপি-র লোকেরাই তো বসবে, কারা বসবে?"

কলকাতা, হাওড়া-সহ সাতটি পুরসভার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মধ্যেই গত ১২ নভেম্বর শুভেন্দু জানিয়ে দেন, ৩০ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন তিনি। তার পর ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর বসানো হবে। বিজেপি-র নেতারাই কো-অর্ডিনেটর হবে, যাঁরা সরকারের পক্ষে থাকবেন, দায়িত্ব দেওয়া হবে তাঁদেরই। কাউন্সিলরদের সমান ক্ষমতা থাকবে কো-অর্ডিনেটরদের।

আরও পড়ুন:  সোনম ওয়াংচুককে গৃহবন্দি করা হল, আপাতত ৬০ দিনের হাউজ় অ্যারেস্টে, কী পরিস্থিতি লাদাখে?

শুভেন্দুর ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীরা। ঋতব্রত-তৃণমূলের অরূপ রায় বলেন, "ওরা সরকারে আছে। বসাতেই পারে। সরকারের ব্যাপার। কিন্তু কো-অর্ডিনেটর বসিয়ে লাভ কী আছে! ছ'মাস তো দেখলাম। জঞ্জাল একই রকমের, রাস্তাঘাটের বেহাল অবস্থা। হাওড়া কর্পোরেশন ভোটের কী হবে, তা তো আদালতে চলছে।" বিরোধী শিবিরের সঙ্গে বৈঠকের সুপারিশ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও।

মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "আপনি যদি বেছে বেছে তৃণমূলবিরোধী, বিজেপি-র এ বা বি টিম থেকে লোক দেন, তার কী গ্রহণযোগ্যতা থাকে! তাকে ভোটে জিতে আসতে দিন! যাঁরা কাউন্সিলর হয়েছেন, তাঁরা যে দলেই থাকুন, যা-ই করুন, যে দলের চিহ্নে জিতে এসেছেন, তাঁদের বলুন কন্টিনিউ করতে! মেয়াদ বাড়ান! কিন্তু যাঁরা ভোটেই জেতেননি, তাঁদের এনে বসাতে চাইলে সম্পূর্ণ ভাবে দলবাজির আখড়া এবং পিছনের দরজা দিয়ে পুরসভা দখলের চেষ্টা। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজেপি গো হারা হারবে। তাই ব্যাকডোর দিয়ে পুরসভা দখলের চেষ্টা।"

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সরকারের সমালোচনা করবে না, সরকারের কথায় নাচবে, লাফাবে...একমাত্র তারা কো-অর্ডিনেটর। তার মানে ১০০ শতাংশ দলতন্ত্র! না বোঝার কারণ নেই। বরং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে শুভেন্দু বুঝে গিয়েছেন যা যা অপরাধ করেছেন, মানুষের সমালোচনা বাড়বে, বিরুদ্ধে কথা বলবেন মানুষ। ভয় পাচ্ছেন বলেই ভয় দেখানোর মতো করে বলছেন। ক্ষমতার জারিজুরি গ্রহণ করবেন না মানুষ।"