শান্তনু নস্কর ও পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা: মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে তলব করা হল। ১৮ জুন SDO অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। যদিও বেআইনিভাবে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।

Continues below advertisement

আরও পড়ুন, দিল্লিতে বাঙালি অধ্যাপিকা ‘খুনে’ চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার এরাজ্যের দম্পতি, ঘটনার দিন কী হয়েছিল ?

Continues below advertisement

ফের সামনে এল তৃণমূল বিধায়কের দখলদারির সাম্রাজ্য। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়কের পর, স্ক্যানারে এবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নদীর চর দখল করে বেআইনি নির্মাণ, সরকারি জমি প্লট করে বিক্রি বৃদ্ধাশ্রমের আড়ালে অনৈতিক কাজ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সামনে এল এমনই ভুরি ভুরি অভিযোগ। ক্যানিংয়ের চাঁদমনি বৃদ্ধাশ্রমের ভিতরে বড় বড় এসি ঘর, সামনে বিশাল লন সাজানো পার্ক, কী নেই। পাশেই আবার ভেড়ি, সেখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, রাস্তার ওপারে তৈরি হয়েছে একের পর এক রেস্তোরাঁ, দোকান ঘর। অভিযোগ, এই সবই মাতলা নদীর চর বুজিয়ে অবৈধভাবে তৈরি হয়েছে। ক্যানিংয়ের বাসিন্দা অর্চনা কয়াল বলেন, এক বছরের মধ্যে এগুলো হয়েছে।  পাট্টা, পাট্টা করে সব বিক্রি করেছে, যারা কিনেছে তারাই তো বানিয়েছে।  পরেশরাম দাস করেছিল এখানে। হ্যাঁ, সব নদী। ক্যানিংয়ের বাসিন্দা  দিলীপ বৈদ্য বলেন, অপরিচিত লোকজন, সমাজবিরোধী লোকজনের এখানে আড্ডা এবং শুনছি বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের ডোনেশন আসে।  এখানে সম্পূর্ণ এমন একটা ব্লু প্রিন্ট তৈরি হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সরকারি জমি জবরদখলের অভিযোগে ১৮ জুন তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। বিজেপি যুব মোর্চা  প্রাক্তন জেলা সহ-সভাপতি  পবিত্র পাত্র বলেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস টাকার বিনিময়ে, প্রতি কাঠা ২ লাখ-৩ লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে, এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমের আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন। মাছ চোর সওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গেড়েছিলেন। যদিও সরকারি জমি দখলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক  পরেশরাম দাস বলেন, নোংরামির একটা সীমা ছাড়িয়েছে। সমস্ত কাগজপত্র লিগাল আছে।  প্রত্যেকটা জায়গায় NOC নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আগামী ১৮ তারিখে মহকুমাশাসক ডেকেছেন। সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে জল কা জল, দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেব। মাতলা নদীর ওপারে ক্যানিং পূর্বেও নদীর চর দখল করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলের বিরুদ্ধে। SDO অফিসে হাজিরার নির্দেশ দিয়ে নোটিস ধরানো হয়েছে ইমরান মোল্লাকে। এবার একই অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককেও তলব করা হল।