নয়াদিল্লি : এপ্রিল ২০২৬ শেষের পথে, আর ঠিক এই সময়েই তীব্র গরমে কার্যত হাঁসফাঁস করছে দেশের বড় অংশ। উত্তর, মধ্য এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। India Meteorological Department (আইএমডি) আরও তাপমাত্রা বাড়ার সতর্কবার্তাও দিয়েছে।

Continues below advertisement

তবে এই গরমের মধ্যেই স্বস্তির ইঙ্গিত মিলছে। নতুন পূর্বাভাস বলছে, এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে। European Centre for Medium-Range Weather Forecasts-এর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষের দিকেই দক্ষিণ ভারতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালেও এমনই আগাম পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই সময় অনুমান করা হয়েছিল, কেরলে মৌসুমি বায়ু ২৭ থেকে ২৯ মে-র মধ্যে প্রবেশ করবে। কিন্তু বাস্তবে তার আগেই বর্ষা চলে আসে। আবহাওয়া বিশ্লেষক দেবেন্দ্র ত্রিপাঠীর কথায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও নির্ধারিত সময়ের আগেই মৌসুমির আগমন ঘটেছিল।

Continues below advertisement

কোথায় আগে পৌঁছবে মৌসুমি বায়ু?

সাম্প্রতিক সাব-সিজনাল চার্ট অনুযায়ী, এ বছর মৌসুমি বায়ু প্রথমে পৌঁছতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, সম্ভবত ১৮ থেকে ২৫ মে-র মধ্যে।

প্রতি বছরই ভারত মহাসাগর থেকে আসা আর্দ্র বায়ু ভারতে বৃষ্টি নিয়ে আসে। বর্তমানে আবহাওয়া মডেলগুলি দেখাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের উপর দক্ষিণ-পশ্চিম দিক থেকে শক্তিশালী বাতাস তৈরি হচ্ছে। এই বাতাসই ভারী বৃষ্টিপাত বয়ে আনতে পারে। ওই সময়ে দ্বীপপুঞ্জে স্বাভাবিকের থেকে ৩০ থেকে ৬০ মিমি বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, আন্দামানের উত্তরে একটি ঘূর্ণাবর্ত বা ট্রপিক্যাল সিস্টেম তৈরির সম্ভাবনা ২০-৪০ শতাংশ। এমন সিস্টেম সাধারণত মৌসুমি বায়ুকে আরও শক্তিশালী করে এবং দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে।

এরপর কোথায় যাবে বর্ষা?

২৫ মে থেকে ১ জুনের মধ্যে মৌসুমি বায়ু আরও পশ্চিম ও উত্তরের দিকে অগ্রসর হতে পারে। দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর শক্তিশালী পশ্চিমা বায়ু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সরাসরি ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলে আর্দ্রতা নিয়ে আসবে।

ফলে কেরল এবং তামিলনাড়ুর দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কেরল উপকূল বরাবর বৃষ্টির মেঘ জমাট বাঁধার স্পষ্ট ইঙ্গিত মিলছে আবহাওয়া মডেলে।

স্বস্তির আশা

 সবার কাছেই আগাম বর্ষা এক বড় স্বস্তির খবর। সময়মতো বৃষ্টি হলে কৃষিকাজ শুরু করাও সহজ হবে এবং জলসংকটও কিছুটা কমবে। সব মিলিয়ে, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে—২০২৬ সালেও হয়তো নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে মৌসুমি বায়ু, যা তীব্র গরম থেকে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে।

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...   আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের