পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ক্ষমতায় এসেই দুর্নীতিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী। জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকেও তোলাবাজি, কাটমানির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট ও কাটমানি নিয়ে গত ৩-৪ বছরে ওঠা অভিযোগগুলিকে ঘিরে বড় প্রশাসনিক পদক্ষেপ শুরু হল। যে সমস্ত অভিযোগ এখনও পর্যন্ত FIR হিসেবে নথিভুক্ত হয়নি, সেই সব অভিযোগের পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত SP এবং CP-দের। পুলিশ সূত্রে খবর, আজ বিকেল ৪টের মধ্যে DCRB ( States Crime Records Bureau )-র DIG-র কাছে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। ফলে পুরনো অভিযোগ এবং রাজনৈতিক হিংসা সংক্রান্ত একাধিক মামলায় নতুন করে তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে।
কোন অভিযোগের তালিকা চাওয়া হয়েছে?
সূত্রের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন জেলা থেকে তোলাবাজি, সিন্ডিকেট চক্র, কাটমানি আদায়, রাজনৈতিক ভয় দেখানো এবং প্রভাব খাটানোর অভিযোগ জমা পড়েছিল। কিন্তু তার অনেক ক্ষেত্রেই FIR দায়ের হয়নি বলে অভিযোগ ওঠে। এবার সেই সমস্ত অভিযোগ নতুন করে খতিয়ে দেখতে চাইছে রাজ্য পুলিশ। বিশেষ করে যেসব অভিযোগ শুধুমাত্র জেনারেল ডায়েরি বা অভিযোগপত্র হিসেবেই থেকে গিয়েছে, সেগুলির বর্তমান অবস্থাও জানতে চাওয়া হয়েছে।
২০২১-এর ভোট পরবর্তী হিংসা নিয়েও নড়েচড়ে প্রশাসন
রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত অভিযোগগুলির তদন্তেও নতুন করে গতি আনা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত—
- নতুন করে তদন্ত শুরু হয়েছে: ৪৫৮টি ঘটনায়
- নতুন FIR দায়ের হয়েছে: ১৮১টি
- ফাইনাল রিপোর্ট জমা পড়া মামলার মধ্যে পুনরায় খোলা হয়েছে: ৫৯টি মামলা
পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে এবং আরও একাধিক মামলায় পদক্ষেপ করা হতে পারে।
কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ?
রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরে তোলাবাজি, কাটমানি এবং সিন্ডিকেট রাজ নিয়ে যে অভিযোগ উঠছিল, তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক স্তরে পুরনো অভিযোগ পুনরায় খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন এবং আদালতে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই আবহে নতুন FIR এবং পুরনো মামলা পুনরায় খোলার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জেলা পুলিশ প্রশাসনের উপর চাপ বাড়ছে
আজ বিকেল ৪টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশে জেলা পুলিশ প্রশাসনের উপরও চাপ বেড়েছে। কোন অভিযোগে FIR হয়নি, কেন হয়নি এবং বর্তমানে তার কী অবস্থা—সবটাই বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে।
ফলে আগামী দিনে আরও নতুন FIR, গ্রেফতারি এবং তদন্তের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল।
