কলকাতা : রাজ্য সরকারি কর্মীদের DA  নিয়ে সোমবারই মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পরই বড় ঘোষণা হতে পারে , বলে মনে করেছিলেন সরকারি কর্মীরা।  তবে খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন গঠন হবে বলে ঘোষণা করলেও, ডিএ নিয়ে বড় কোনও বার্তা এল না এদিন সরকারের তরফে।  সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর বেশ কতগুলি  গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) । 

Continues below advertisement

মন্ত্রী জানান, 'সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। আজ মন্ত্রিসভার বৈঠক, সেখানে একটা শিডিউল টাইম রয়েছে, তার অ্যাজেন্ডা রয়েছে। সেবিষয়ে আলোচনা হয়েছে। '  যদিও DA-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। জানান, নতুন সরকারের এখন সবচেয়ে বড় অগ্রাধিকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলি দ্রুত কার্যকর করা।

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ এখন সরকারের  অগ্রাধিকার

Continues below advertisement

মন্ত্রী জানান, আগামী ১ জুন থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু করার লক্ষ্য নিয়েছে সরকার। পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত ব্যবস্থাও চালু করা হবে। সরকারি সূত্রে খবর, এই প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতিই এখন সরকারের অন্যতম প্রধান ফোকাস।

বর্ষার আগে পুরসভাগুলিকে সক্রিয় করার বার্তা

আসন্ন বর্ষার কথা মাথায় রেখে ড্রেন পরিষ্কার, গার্বেজ ক্লিয়ারেন্স, স্ট্রিট লাইটিং-সহ একাধিক নাগরিক পরিষেবার কাজেও জোর দিতে চাইছে সরকার।সে কথা জানান অগ্নিমিত্রা।  অগ্নিমিত্রা পাল বলেন, আগের সরকারের অনেক কাউন্সিলর কাজ করছেন না, ফলে বহু পুরসভা ও কর্পোরেশনে গুরুত্বপূর্ণ পরিষেবা আটকে রয়েছে। সেই কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, “সামনে বর্ষাকাল সুতরাং ড্রেনেজ গার্বেজ পরিষ্কার বিভিন্ন পুরসভা ও কর্পোরেশনে আটকে রয়েছে। আগের সরকারের কাউন্সিলররা কাজ করছেন না ... মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে  দিয়েছেন, আগে কাজগুলো তুলতে হবে। নোংরা পরিষ্কার, স্ট্রিট লাইটিং, নাগরিক পরিষেবা—এসব আগে নিশ্চিত করতে হবে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়।”

সরকারি কর্মীদের জন্য কী বার্তা?

সরকারি কর্মচারীদের একাংশ দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে DA এবং সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই দাবি নিয়ে প্রত্যাশাও বেড়েছে। যদিও সোমবারের বৈঠকে DA নিয়ে কোনও ঘোষণা হয়নি, তবুও সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিষয়টি গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে । সপ্তম বেতন কমিশনের গঠনে অনুমোদন হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। তাই প্রতিশ্রুতি মতোই কাজ এগোচ্ছে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন : DA Update : রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে কী ভাবনা সরকারের