শিবাশিস মৌলিক , কলকাতা : একদিকে যখন প্রথম দফার পর কে কত আসন পেতে পারে , তা নিয়ে বিস্তর ভবিষ্যদ্বাণী চলছে, তারই মধ্যে দ্বিতীয় দফার জয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছে সব পক্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা রয়েছেন কলকাতায়। তিনি ইতিমধ্যে দাবি করেছেন প্রথম দফার ১৫২ টি আসনের মধ্যে ১১০ টি বিজেপি পাচ্ছেই। কিন্তু দ্বিতীয় দফা ? অনেকের মতেই দ্বিতীয় দফায় যে যে জেলায় ভোট, সেখানে পাল্লা ভারী তৃণমূলের। সেখানে কি বেগ পেতে হবে বিজেপিকে ? এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অমিত শাহ বললেন, "এবার এখানে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অন্য বারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে চলেছি।"
৩ দিন আগে দমদমের জনসভায় অমিত শাহ বলেন, 'তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে, বড় বড় ফ্ল্য়াটে গিয়ে বলে আসছে, বেরোবেন না। ২৯ তারিখ সমস্য়া হবে। আমি আজ তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ বাইরে বেরবে না, নাহলে গুন্ডারা সমস্য়ায় পড়বে।' শুক্রবার এবিপি আনন্দর মাধ্যমে অমিত শাহ বহুতলে থাকা ভোটারদের আবারও বললেন, 'কমিশন আপনাদের নিরাপত্তার এবারে সুব্যবস্থা রেখেছে। আপনারা অকুতোভয় হয়ে ভোট দিতে আসুন। এবার আপনাদের ভয় পাওয়ার কারণ নেই।'
পাল্টা TMC-র সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, 'উল্টা করকে লটকা দেগা', আমি বলব, সৎ সাহস থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন। বেলা ১২টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায়, বাংলার মানুষ দেখিয়ে দেবে ৪ তারিখ'
শুক্রবার এই সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বলেন, 'আমাদের কাছে যে ফিডব্য়াক রয়েছে, তাতে পশ্চিমবঙ্গের জনতা নিজেদের ভবিষ্য়ৎ প্রথম দফাতেই ঠিক করে নিয়েছে। নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতের বিকাশের যে যাত্রা চলছে, বাংলার প্রথম দফার ভোটাররা স্পষ্ট করে দিয়েছে পশ্চিমবঙ্গও এতে জুড়তে চলেছে।' এদিন শাহ দাবি করেন, ৫ তারিখের পর অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ তিন জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন হবে। পদ্মের শাসন হবে।
এখন দেখার বাংলার মানুষ কাকে বেছে নেন।
আরও পড়ুন : প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ... আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের
