দীপক ঘোষ, কলকাতা: সোমবারই আগামী বিধানসভা ভোটের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম জানিয়েছে পদ্মশিবির। প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্যাগরিষ্ঠ বর্তমান বিধায়করাই। তবে বর্তমান বিধায়ক কিন্তু এখনও তালিকায় নাম নেই, এমন সংখ্যা ৮। এবার নজর সেকেন্ড লিস্টে। সূত্রের খবর, সম্ভবত বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকাপ্রকাশ করা হবে।
বেশ কয়েকটি হেভিওয়েট নাম দ্বিতীয় তালিকায় থাকবে বলে মনে করছেন সমর্থকরা। বাকি প্রার্থী তালিকা নিয়ে বুধবার দিল্লিতে দফায় দফায় বৈঠক করছে বিজেপি হাইকমান্ড। বুধবার বিকেল ৪ টে নাগাদ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর সূত্রের।
হিসেব মতো এখনও ১৫০টি কেন্দ্রে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা বাকি। অনেক হেভিওয়েটের নাম এখন আলোচনায়। তাঁদের কারা থাকবেন সেকেন্ড লিস্টে , কারা বাদ পড়তে পারেন , চর্চা তুঙ্গে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির আলোচনার পর ফের সন্ধে ৭ টায় বৈঠক প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের বৈঠক, থাকবেন অমিত শাহ। এছাড়া বৈঠকে থাকতে পারেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য , শুভেন্দু, মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর প্রমুখ।
বিজেপি সূত্রে খবর, পরের তালিকায় থাকতে পারে প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী, বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, তাপস রায়ের নাম। এছাড়াও বিজেপির দ্বিতীয় দফার তালিকায় থাকতে পারে একাধিক পরিচিত নাম। দাবি সূত্রের।
প্রথম দফায় কোথায় কে
প্রথম দফার প্রার্থী তালিকায় বেশিরভাগ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দিয়েছে বিজেপি। কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়ায় মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের উপরেই ভরসা রেখেছে বিজেপি। ময়না, আসানসোল দক্ষিণ, ওন্দা, চাকদা, হরিণঘাটা, ভাটপাড়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রেও বর্তমান বিধায়কদেরই ফের লড়াইয়ে নামাবে বিজেপি। তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়। ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্যায়। মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন । শিলিগুড়ি শঙ্কর ঘোষের উপরই ভরসা রেখেছে দল। তাছাড়া শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, দিলীপ ঘোষের নতো হেভিওয়েট নেতারা, কে কোথা থেকে লড়বেন তাও রয়েছে প্রথম তালিকায়। এবার দেখার পরবর্তী তালিকায় কী কী চমক থাকে।
