কলকাতা: বিধানসভা ভোটের মুখে স্টিং-অপারেশনের ভিডিও প্রকাশ্য়ে এনেছে তৃণমূল। আর এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ জমা পড়ল। 'আম জনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যানের বিরুদ্ধে বাবরি মসজিদ বানানোর নামে মুসলিম সম্প্রদায়ের আবেগে আঘাত ও রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টার অভিযোগ উঠল। সিউড়ি থানায় অভিযোগ জানালেন 'রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চার' সদস্যরা। সেই ভিত্তিতে FIR-ও দায়ের করেছে পুলিশ। (Humayun Kabir News)

Continues below advertisement

'রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা'র দাবি, মুসলিম সম্প্রদায়ের আবেগে আঘাত হেনেছেন হুমায়ুন। রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্টের চেষ্টা করেছেন। হুমায়ুনকে গ্রেফতার করার দাবিও জানানো হয়েছে। রাষ্ট্রীয় 'রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা'র মহম্মদ পারভেজ সিদ্দিকি বলেন, "আমরা হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। জিরো এফআইআর দায়ের হয়েছে। আমরা ওঁর গ্রেফতারির দাবি করছি।" (West Bengal Assembly Elections 2026)

পারভেজ আরও বলেন, "১০০০ কোটির ডিল করছিলেন উনি। বাবরি মসজিদ, যা নিয়ে দেশের মুসলিমদের আবেগ রয়েছে। সেই আবেগের সঙ্গে ছেলেখেলা করছিলেন উনি। বাবরি মসজিদ নির্মাণ করা লক্ষ্যই ছিল না ওঁর। নির্বাচনই ওঁর লক্ষ্য় ছিল। ফ্যাসিবাদী শক্তির হাত শক্ত করাই লক্ষ্য় ছিল ওঁর। আমার এর আগেও, বাবরি মসজিদ নিয়ে ১১ ফেব্রুয়ারি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিলাম। সেই তদন্তভার রেজিনগর থানায় এসে গিয়েছে। সেই আবহেই নতুন মামলা সামনে এসেছে যে ১০০০ কোটির ডিল করেছেন হুমায়ুন কবীর। বিজেপি-আরএসএসের সঙ্গে ডিল করছেন উনি। দেশ ভাঙা, বাংলার মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করাই ওঁর লক্ষ্য। যে ভিডিও ফাঁস হয়েছে, তাতে গোটা দেশের মুসলমিরা আহত।"

Continues below advertisement

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের একটি ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের তরফে স্টিং অপারেশনের ওই ভিডিও ফাঁস করা হয়েছে, যাতে বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে হুমায়ুনকে। তিনি জানান, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়ে রয়েছে তাঁর। দিল্লি গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গেও কথা বলেন। ১০০০ কোটির ডিলের কথাও শোনা যায় হুমায়ুনের মুখে। জানান, ৩০০ কোটি নিজে রাখবেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে তাঁকে উপমুখ্যমন্ত্রী করার কথা হয়েছে। 

বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন জানান, অন্য নামে মসজিদ গড়াই যেত। কিন্তু তাতে মুসলিমদের আবেগ সঞ্চারিত হতো না। বাবরি মসজিদের সঙ্গে যে আবেগ জড়িয়ে রয়েছে মুসলিমদের, তাতে নাড়া দিতেই ওই নাম বেছে নেন তিনি। মুসলিমরা সহজ-সরল, তাঁদের বোকা বানানো সহজ বলেও মন্তব্য় করেন হুমায়ুন। ওই ভিডিও সামনে আসতেই আসাদউদ্দিন ওয়েইসির AIMIM হুমায়ুনের সঙ্গ ত্যাগ করেছে। হুমায়ুন প্রথমে দাবি করেছিলেন, AI দিয়ে ভিডিও বানানো হয়েছে। তবে এখন তাঁর দাবি, ভিডিও-র কিছুটা অংশ AI দিয়ে তৈরি।