কলকাতা: রাজনৈতিক জীবন সুদীর্ঘ। কিন্তু ভোটের ময়দানে এই প্রথম। বেলেঘাটা থেকে প্রার্থী করেছে দল। জীবনের প্রথম নির্বাচনী লড়াইয়ে প্রচারে কোনও খামতি রাখছেন না কুণাল ঘোষ। তৃণমূলকে ওই আসন উপহার দিতে চান তিনি। সেই কুণাল নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা দিলেন। (Kunal Ghosh Assets)
পরেশ পালের কেন্দ্র বেলেঘাটায় এবার দলের রাজ্য সম্পাদক কুণালকে প্রার্থী করেছে তৃণমূল। এর আগে রাজ্যসভায় গেলেও এই প্রথম নির্বাচনী লড়াইয়ে পা রাখলেন কুণাল। টিকিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। জয় নিয়েও বেশ আত্মবিশ্বাসী কুণাল। সারাবছরই তিনি কাজ করেন, মানুষের পাশে থাকেন বলে জানিয়েছেন। (West Bengal Assembly Elections 2026)
গত ৬ এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন কুণাল। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর নামে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার টাকা। স্ত্রীর সম্পত্তি ধরলে ঘোষ দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকার বেশি।
কুণালের সম্পত্তির খতিয়ান- https://tinyurl.com/yp3axt73
কুণাল জানিয়েছেন, ২০২৪-’২৫ অর্থবর্ষে তিনি আয় করেছেন ২১ লক্ষ ৮৪ হাজার ৬৪০ টাকা। ওই সময়ে ১৭ লক্ষ ১০ হাজার ৩৪০ টাকা আয় করেন তাঁর স্ত্রী শর্মিতা ঘোষ। মনোনয়ন পেশের সময় কুণালের হাতে নগদ ছিল ২১ হাজার টাকা। ১৫ হাজার টাকা নগদ রয়েছে স্ত্রীর হাতে।
কুণালের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার ৯০৭ টাকা৷ স্ত্রীর ব্যাঙ্ক ব্যালেন্স ১৫ লক্ষ ২৩ হাজার ৩১৮। কুণাল এবং তাঁর স্ত্রীর নামে আছে ফিক্সড ডিপোজিট, PPF অ্যাকাউন্ট। দু’জনের নামেই আছে একাধিক জীবনবিমা। কুণালের সোনা আছে ৫ গ্রাম, স্ত্রীর ৩৫ গ্রাম। কুণালের নামে কোনও গাড়ি নেই। চার চাকা আছে স্ত্রীর নামে।
সব মিলিয়ে কুণালের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৯১৩ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৭৪ লক্ষ ৮৪ হাজার ৯৪ টাকা।
কুণাল জানিয়েছেন, তাঁর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। স্ত্রীর নামে গড়পার রোডে নির্মীয়মাণ ফ্ল্যাট আছে, যার দাম ৬৫ লক্ষ টাকা। স্থাবর ও অস্থাবর ধরলে কুণালের স্ত্রীর মোট সম্পত্তির মূল্য ২ কোটি ৩৯ লক্ষ, ৮৪ হাজার ৯৪ টাকা।
সব মিলিয়ে ঘোষ দম্পতির সম্পত্তির মূল্য় ৪ কোটি ১২ লক্ষ ৬৫ হাজার। হলফনামায় কুণাল জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।