ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ৬ মাস পর জেল থেকে জামিনে বেরিয়েই, এই বন্দর কেন্দ্রে বিজেপির টিকিট পেয়েছেন রাকেশ সিং। বিজেপির টিকিট পেয়েই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। শনিবার রাকেশের হয়ে খিদিরপুরে প্রচারে যান শুভেন্দু অধিকারী। একটি শিব মন্দিরে পুজো দেন রাকেশ ও শুভেন্দু। এলাকায় বিজেপির মিছিল ছিল বেশ নজরকাড়া।
খিদিরপুর, সংখ্যালঘু প্রধান কেন্দ্র, সেখানে বিজেপির জন্য ভোটের হাওয়া কেমন, জানতে চাইতেই শুভেন্দু অধিকারীর স্পষ্ট জবাব, আপনারাই দেখুন মানুষের প্রতিক্রিয়া। শুভেন্দুর দাবি, এই এলাকায় ৮০ শতাংশের বেশি মানুষ সংখ্যালঘু। কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পরিত্রাণ চাইছেন। শুভেন্দুর দাবি, মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোটব্যাঙ্কের পলিটিক্স মানুষ বুঝে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনাল পলিটিক্স এবার ফেল করবে। কারণ মানুষ বুঝে গিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসলে সকলের উন্নয়ন হবে। শুভেন্দুর দাবি, বন্দর থেকে 'এবার ফিরহাদ হাকিম হারছেন। SIR এর পর ওর জেতার কোনও জায়গা নেই।' মানুষ একটাই জিনিস চাইছেন...পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন।
প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে গুন্ডামির অভিযোগে গতবছর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় বিজেপি নেতা রাকেশ সিংকে। সেই মামলায় জামিন পাওয়ার পর, ওই বছরের অক্টোবরে রাকেশ সিংকে ফের গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে কসবার একটি ফ্ল্যাট দখলের অভিযোগ ছিল। ৬ মাস পর, সেই মামলায় মঙ্গলবার জামিন পান তিনি! আর বুধবারই রাকেশ সিংকে কলকাতা বন্দর আসনে প্রার্থী করল বিজেপি! এই আসনে তৃণমূল প্রার্থী করেছে ফিরহাদ হাকিমকে। কলকাতা বন্দর আসনে সিপিএমের প্রার্থী ফৈয়াজ খান আর কংগ্রেসের প্রার্থী আকিব গুলজার।
গত সোমবার রাতে বিজেপির প্রচার ঘিরে, এমনই রণক্ষেত্র পরিস্থিতির সাক্ষী থাকে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একবালপুর এলাকা। সেই ঘটনায় কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া FIR দায়ের করেছে পুলিশ। এর মধ্য়ে একাধিক জামিন অযোগ্য ধারায়। পুলিশকে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় বিজেপি প্রার্থী রাকেশ সিংকে। পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় অভিযোগ করা হয়েছে, রাকেশ সিংয়ের উস্কানিতে ও নেতৃত্বেই পুলিশের ওপর হামলা হয়। এখন দেখার ২৯ তারিখ বন্দর এলাকার মানুষ কাকে বেছে নেন জনপ্রতিনিধি হিসেবে?
আরও পড়ুন : প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...
