কলকাতা : কলকাতা বিমানবন্দরে আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন ও গুলি-সহ গ্রেফতার পুজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তাঁর ব্যাগ থেকে একটি খালি ম্যাগাজিন ও ৭.৬৫ এমএমের ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয় বলে অভিযোগ। তিনি ইন্ডিগোর একটি বিমানে যাত্রা করার জন্য বিমানবন্দরে পৌঁছেছিলেন। 

Continues below advertisement

CISF সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই কাউন্সিলর দাবি করেন যে তাঁর কাছে বৈধ লাইসেন্স রয়েছে। সেই কারণে তাঁকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু পরে তিনি কোনও বৈধ লাইসেন্স বা নথি দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপর NSCBI এয়ারপোর্ট থানায় আর্মস অ্যাক্টে মামলা রুজু হয়। পুলিশ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে।  

অন্যদিকে ক্যানিংয়ের নারায়ণপুরে তৃণমূলের পার্টি অফিসে একের পর এক মারাত্মক অস্ত্র মিলল। সারি সারি রাখা সেসব অস্ত্র দৃশ্যতই ভয়ঙ্কর। তৃণমূলের পার্টি অফিসে রাশি রাশি অস্ত্রের ছবি দেখেই যে কারও চোখ কপালে উঠবে। পার্টি অফিসের দরজা ভেঙে ১৮টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।                       

Continues below advertisement

এছাড়া মুর্শিদাবাদের সালারে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে এক তৃণমূলকর্মীকে। তার বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি । খবর পেয়ে অভিযুক্ত তৃণমূলকর্মী বিকাই শেখের বাড়ি পুলিশি তল্লাশি চালিয়েছিল। তখনই তার বাড়ি থেকে উদ্ধার হয় একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি। সব মিলিয়ে ভোট পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েই চলেছে।                

কলকাতা পুলিশের বার্তা 

ভোট পরবর্তী আবহে একাধারে শান্তি রক্ষার বার্তা দিচ্ছেন বিজেপি নেতারা। অন্যদিকে কড়া বার্তা দিল কলকাতা পুলিশও। কলকাতা পুলিশের কমিশনার  অজয় নন্দ এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, 'এখনও পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। কোনও রকম সমস্যা হলে পুলিশকে জানান। গন্ডগোল পাকানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুলডোজার নিয়ে মিছিল করলে ব্যবস্থা নেওয়া হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে, গুজবে কান দেওয়া যাবে না। ' বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।  

আরও পড়ুন: শেষ হয়েও হল না শেষ, পুনর্গণনা চলছে রাজারহাট-নিউটাউন কেন্দ্রে, এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়