বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : রবিবাসরীয় দুপুরে ঘরের মাঠে প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে বুধবার দলের হয়ে নিজের প্রচার সফরের দ্বিতীয় দিনে নন্দীগ্রামকে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিন, পবিত্র করের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, বাড়ির লোক ছাড়া কেউ চেনে না। পাল্টা পবিত্র কর বলেছেন, আমার বাড়িটাই পুরো নন্দীগ্রাম বিধানসভা বলে আমি মনে করি।
বেজে গেছে ভোট যুদ্ধের দামামা। এবারের বিধানসভা নির্বাচনে নিসন্দেহে ভরকেন্দ্র, ভবানীপুর। অন্যদিকে, নজর রয়েছে নন্দীগ্রামেও। জোড়া কেন্দ্রে একদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিপরীতে শুভেন্দু আধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারীর উল্টোদিকে বিজেপি ছেড়ে আসা পবিত্র কর। পরপর দু'দিন ভবানীপুরে প্রচার সেরে রবিবাসরীয় দুপুরে ঘরের মাঠে প্রচার শুরু করলেন নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে বুধবার নিজের প্রচার সফরের দ্বিতীয় দিনে নন্দীগ্রামকে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ওইদিন সেখানে কর্মীদের নিয়ে বৈঠক করবেন। নন্দীগ্রাম বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব নেবেন, তত বেশি বেশি ভোটে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারাতে পারব। এদিন, আশদতলিয়ার দুর্গামন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। মন্দির থেকে বেরিয়ে খোল বাজিয়ে নাম সংকীর্তন করেন। শুভেন্দু বলেন, আমি তো চেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার লড়ুক। কেন লড়ল না জানি না। 'তৃণমূল প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। শুভেন্দু বলেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে আমাকে জিতিয়েছেন। এরপরে যাদেরকে ওরা প্রার্থী করেছে, আমি তাঁদের প্রতি সম্মান রেখেই বলি, ওদেরকে ওদের বাড়ির লোক ছাড়া কেউ চেনে না।
নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বলেন, আমার বাড়িটাই পুরো নন্দীগ্রাম বিধানসভা আমি মনে করি। ১০০% আমরা জয়লাভ করব। নন্দীগ্রাম বিধানসভায় কোনও চ্য়ালেঞ্জ নেই। ৩০ হাজারের ঊর্ধ্বে ভোটে জয়লাভ করব। জানুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে হয় স্বাস্থ্য পরিষেবা শিবির - সেবাশ্রয়। ২৫ মার্চ সেই নন্দীগ্রামে কর্মী বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই ফের সভা করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার থেকেই প্রচারে নামছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সেদিন পাথরপ্রতিমায় জনসভা করবেন তিনি। বুধবার নন্দীগ্রামের পাশাপাশি দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়ে জনসভা করবেন। বৃহস্পতিবার নাটাবাড়ি, ধূপগুড়িতে জনসভা ও কালচিনিতে রোড শো করবেন। শুক্রবার অর্থাৎ ২৭ মার্চ বিনপুর, পাঁশকুড়া পূর্ব, কুলপিতে জনসভা করবেন। এদিকে রবিবার সোনাচূড়ায় শহিদ বেদিতে প্রণাম করে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গেই দুপুরের খাবার খান শুভেন্দু অধিকারী।
