কলকাতা : 'ফর্ম 6' জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে, মঙ্গলবার CEO দফতরের বাইরে দফায় দফায় উত্তপ্ত হল পরিস্থিতি। ধস্তাধস্তি, মারপিট, বচসা বাদ গেল না কিছুই। পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দু'পক্ষকে সামলানোর চেষ্টা করে গেল সমানে। ফর্ম ৬ নিয়ে এই টানাপোড়েনের আবহে এবার এনিয়ে বিবৃতি দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
তিনি বললেন, "ফর্ম ৬ নিয়ে অভিযোগ উঠেছে যে আমাদের অফিসে...এখানে একগাদা ফর্ম ৬ জমা হয়েছে। কত ফিগার আছে, কী নিয়ে আছে...। আমি কাল একদম পরিষ্কার বলেছি, এটা একটা সরকারি অফিস। সরকারি অফিসে একটা রিসিভ সেকশন আছে। কোনও সরকারি অফিসে কোনও নিষেধাজ্ঞা নেই। যে কেউ যত সংখ্যক নথি, যত সংখ্যক কাগজ, যত সংখ্যক মেইল, ফোন কল...যা কিছু চান দিতে পারেন। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। প্রতিদিন ১ লক্ষ কাগজ আসতে পারে, ১টা কাগজ আসতে পারে, ১০ লক্ষ কাগজও আসতে পারে। কোনও নিষেধাজ্ঞা নেই। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না CEO বা অফিসের হেড হিসাবে...যে আমাকে গোয়েন্দা লাগাতে হবে বা অন্য কিছু লাগাতে হবে...কত নিয়ে এসেছে...এটা স্ট্রাকচারড গর্ভনমেন্ট। এখানে প্রত্যেক অফিসার নিয়ম মেনে চলতে বাধ্য। সার্ভিস কন্ডাক্ট প্রত্যেক অফিসারের ওপর লাগু আছে। আমার নীচে অফিসার আছেন, স্টাফ আছেন। ডাক সেকশন থেকে ভাগ হয়ে ডিভিশন-ভিত্তিক...ডিভিশনে যখন সিনিয়র অফিসারের কাছে পৌঁছে যায়, ওঁরা মাথা খাটিয়ে দেখেন যে জিনিসটা কী আছে না আছে, তারপরে আমার সঙ্গে আলোচনা করেন। আমার নলেজ ছিল না এতটুকু যে ফর্ম ৬ এসেছে বা কি নিয়ে এসেছে।"
আর কিছুদিন বাদেই ভোট। তার মধ্য়ে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ চরমে । বিজেপি যখন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে...তখন কলকাতায় মুখ্য় নির্বাচনী আধিকারিকের অফিসে সটান গিয়ে বিস্ফোরক অভিযোগ করন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে (সোমবার) ৬-৭ ঘণ্টায় ৩০ হাজার Form 6 অবৈধভাবে যাঁরা বাংলার ভোটার নন, যাঁদের বিহার, UP-র (উত্তরপ্রদেশের) ভোটার লিস্টে নাম রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে ৬৫০-৭০০ Form 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে। এদিকে পূর্ব মেদিনীপুরের এগরায় Form 6 জমা পড়েছে। নর্থ কলকাতার ৩টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি... Form 6 জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার Form 6 জমা পড়েছে।" সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি। ভোটারদের ভয় দেখানোর অভিযোগে প্রচারে নিষেধাজ্ঞার দাবি তোলে তারা। পাল্টা নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে এক নিশানায় রেখে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
