হাওড়া : দ্বিতীয় দফার ভোটের আগে সুর আরও সপ্তমে তৃণমূল নেত্রীর। চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে। এর পাশাপাশি প্রথম দফায় হয়ে যাওয়া ১৫২টি আসনে তৃণমূল কংগ্রেসের কেমন ফল হবে তা নিয়ে বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের জনসভায় তৃণমূলনেত্রী বলেন, "এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু ! আলিপুরদুয়ারে গোল্লা, কোচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরে গোল্লা, দক্ষিণ দিনাজপুরে গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কী ফল হয় আপনাকে আমরা আগেও দেখিয়েছি।" 

Continues below advertisement

গতকাল রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়। সেই জেলাগুলি হল- কোচবিহারের, আলিপুরদুয়ারের, জলপাইগুড়ির, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। একই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট হয়ে যাওয়া এই জেলাগুলিতে কেমন ফল করবে দল, তা নিয়ে তৃণমূল ও বিজেপি দাবি-পাল্টা দাবি শুরু করে দিয়েছে। এদিন উত্তরের ৬ জেলার উল্লেখ করে সেইসব জেলায় বিজেপি কেমন ফল তা করবে তা নিয়ে বড় মন্তব্য করেন মমতা। গতকালই বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের বক্তব্য ছিল, "১৫২টার মধ্যে ১৩২ থেকে ১৩৫টা তৃণমূল জিতছে। নন্দীগ্রাম-সহ ১৩২-১৩৫টা বিজেপি হারতে চলেছে।" অন্যদিকে ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেছিলেন, "১২৫ বিজেপি। ন্যূনতম। উপরটা জানি না। মিলিয়ে নেবেন। রেকর্ড করে রাখুন। ৪ তারিখে দুপুরে দেখবেন। ভোটের হার সন্তাষজনক। রাজ্যে ৮০-র বেশি (অর্থাৎ, ৮০ শতাংশের বেশি) যাবে বলে আমার বিশ্বাস। কোথাও কোথাও ৮৫ হবে। নন্দীগ্রামে ৮৫ তো যাবেই।" এদিকে অমিত শাহ মন্তব্য করেছেন, তাঁদের কাছে যে ফিডব্যাক এসেছে, তাতে পশ্চিমবঙ্গের ভোটাররা প্রথম দফাতেই নিজেদের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন। তিনি দাবি করেন, ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জিততে চলেছে। তাঁর মতে, এই ফলাফলই প্রমাণ করে যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে।

কোন দল কত আসন পাবে তা যদিও স্পষ্ট হবে ৪ মে ফলাফল ঘোষণা হলে। তার আগে অবশ্য দাবি-পাল্টা দাবি অব্যাহত। 

Continues below advertisement