কলকাতা : নবান্ন নয়। আপাতত বিধানসভাতেই নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয় হচ্ছে ? মহাকরণে না যাওয়া পর্যন্ত বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে হচ্ছে সচিবালয় ? রাত পোহালেই বিজেপি মন্ত্রিসভার শপথ। তার আগে সেজে উঠছে বিধানসভা। দীর্ঘদিন পরে বিধানসভায় খোলা হল পার্থ চট্টোপাধ্যায়ের ঘর। 

Continues below advertisement

বিধানসভায় এখন সাজসাজ রব। রাত পোহালেই নতুন সরকার শপথ নেবে। নতুন মন্ত্রীরা শপথ নেবেন। তারপরে তাঁদের গন্তব্য হবে বিধানসভায়। বিধানসভায় সমস্ত মন্ত্রীর রুম আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে যেখানে বসতেন, ঠিক তার পাশেই ছিল পার্থ চট্টোপাধ্যায়ের রুম। দীর্ঘ কয়েক বছর ধরে তা বন্ধ ছিল তাঁর গ্রেফতারির পর থেকে। সেই রুম আজ খোলা হয়েছে। এর পাশাপাশি পুরনো মন্ত্রীদের নেমপ্লেট ভাঙা শুরু হয়ে গিয়েছে। ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য... একে একে মন্ত্রীদের নেমপ্লেট ভাঙার কাজ শুরু হয়ে গেছে। বিধানসভার অ্যানেক্স বিল্ডিং, যেটাকে প্ল্যাটিনাম মেমোরিয়াল বিল্ডিং বলা হয়, সেটাই আপাতত মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে, এমনটাই মনে করা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজেপি সরকার নবান্ন থেকে পরিচালিত হবে না। কিন্তু, মহাকরণের কাজ যতদিন না সম্পন্ন হয়, ততদিন এই অ্যানেক্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে। তিনতলায় মুখ্যমন্ত্রী বসবেন এবং মুখ্যমন্ত্রী সচিবালয় হবে। 

বিমান বসুকে আমন্ত্রণের সম্ভাবনা, কাল ব্রিগেডে রাজ্য রাজনীতির আর কাদের নিমন্ত্রণ BJP-র ?

Continues below advertisement

বিধানসবা চত্বর আলোকিত করে তোলার জন্য প্রচুর লাইট আনা হয়েছে। তা আজ লাগানো হবে। সন্ধের পর বিধানসভা আলোকিত হয়ে উঠবে। কালই যেহেতু শপথ-গ্রহণ অনুষ্ঠান, তারপর সোমবার থেকে সম্ভবত বিধানসভায় আসতে শুরু করবেন বিধায়করা। এই পরিস্থিতিতে বিধানসভাকে ঢেলে সাজানো হচ্ছে। একসময় বুদ্ধদেব ভট্টাচার্য যে ঘরে বসতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরে বসতেন, সম্ভবত সেই ঘরেই নতুন মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি বসবেন। রাজ্যের অন্য মন্ত্রীদের জন্য যে ঘর বরাদ্দ আছে, সেখান থেকে মন্ত্রীদের নেমপ্লেট সরানোর কাজ শুরু হয়ে গেছে।

১৫ বছর পর রাজ্য-রাজনীতিতে পালাবদল। তৃণমূলকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। জনতার রায়ে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে বিজেপি। ২৫ বৈশাখ তাদের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। প্রস্তুতি চলছে জোরকদমে। রাজ্য় বিজেপির শীর্ষনেতৃত্ব বারবারই স্পষ্ট করে দিয়েছে, তাদের সরকার চলবে রাইটার্স থেকে। বুধবারও একই কথা বলেছেন রাজ্য় বিজেপির সভাপতি।