মুম্বই: বান্ধবী নীরু রণধাওয়াকে মারধর করার অভিযোগে বলিউড অভিনেতা আরমান কোহলির বিরুদ্ধে মামলা দায়ের করা হল। মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় অভিযোগ করেন পেশায় মডেল ও ফ্যাশন স্টাইলিস্ট নীরু। তিনি দেহের বিভিন্ন অংশে আঘাত নিয়ে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে আরমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সান্তাক্রুজ থানার এক সিনিয়র পুলিশ ইন্সপেক্টর শান্তনু পওয়ার জানিয়েছেন, ‘২০১৫ সালে আরমান কোহলির সঙ্গে আলাপ হয় ওই মহিলার। তাঁরা লিভ-ইন করছিলেন। আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই মহিলার বয়ান নথিবদ্ধ করি। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অভিনেতা পলাতক। বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’ চলচ্চিত্র নির্মাতা রাজকুমার কোহলির ছেলে আরমান। তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। বিগ বসেও যোগ দিয়েছিলেন ৪৬ বছরের এই অভিনেতা।