শাহরুখের 'রা ওয়ান' ছবির গানে রয়েছে, 'ছম্মকছল্লো' শব্দটি মহিলাদের সম্মানহানিকর,বলল ঠানের আদালত
Web Desk, ABP Ananda | 04 Sep 2017 06:39 PM (IST)
ঠানে: শাহরুখ খানের 'রা ওয়ান' সিনেমার একটি হিট গানে ব্যবহৃত 'ছম্মকছল্লো' শব্দে আপত্তি ঠানের আদালতের। বলিউডি গানে চলতে পারে, কিন্তু হিন্দি শব্দটি মহিলাদের সম্মানহানিকর বলে জানিয়েছে আদালত। ফলে বাস্তবে কোনও মহিলাকে উদ্দেশ্য করে 'ছম্মকছল্লো' বললে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। এক মহিলাকে 'ছম্মকছল্লো' বলায় গত সপ্তাহে স্থানীয় এক ব্যক্তিকে আদালত 'নির্দেশ না দেওয়া পর্যন্ত' জেলে পাঠান ম্যাজিস্ট্রেট। তাকে ১ টাকা জরিমানাও করেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে টেনে নিয়ে গিয়েছেন প্রতিবেশী এক মহিলা। তাঁর দাবি, ২০০৯-এর ৯ জানুয়ারি প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরে সিঁড়িতে অভিযুক্ত ব্যক্তির রেখে দেওয়া ময়লার পাত্রে ধাক্কা খেয়ে পড়ে যান তিনি। অভিযুক্ত চিত্কার করে তাঁকে 'ছম্মকছল্লো' বলেন। মহিলার এতে খারাপ লাগে। তিনি থানায় গেলে পুলিশ অভিযোগ নিতেই চায়নি। তিনি আদালতের দ্বারস্থ হন। আট বছর বাদে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আর টি ইনগেল মহিলার অভিযোগে মান্যতা দিয়ে জানান, ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায়(কোনও মহিলার সম্মান হানি করার উদ্দেশ্যে শব্দ ব্যবহার করা, অঙ্গভঙ্গি করা বা আচরণ করা) অবশ্যই 'ছম্মকছল্লো' শব্দটি উচ্চারণ করে অপরাধ করেছেন অভিযুক্ত। তিনি বলেন, এটা হিন্দি শব্দ। এর কোনও ইংরেজি প্রতিশব্দ নেই। শব্দটিকে ভারতের সামাজিক প্রেক্ষাপটে বিচার করে দেখা উচিত। সাধারণত, কোনও মহিলাকে বিদ্রুপ করতেই শব্দটি ব্যবহার করা হয়, এটি কোনও প্রশংসাসূচক শব্দ নয়। যে কোনও মহিলাই এমন শব্দে অপমানিত, ক্ষুব্ধ হবেন।