নোরা ফতেহি ও সঞ্জয় দত্তকে নিয়ে নয়া বিতর্কে সরগরম বলিউড। এই বিতর্ক শুধু বলিউডের মধ্যে সীমাবদ্ধ নেই, এর জল গড়িয়েছে লোকসভা পর্যন্ত। জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। নোরা ও সঞ্জয় দত্ত-এর অভিনীত কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গান 'সরকে চুনর' নিয়ে শুরু হয় এই সমালোচনা। গানটি ইউটিউব থেকে সরিয়েও নেওয়া হয়েছে। গত ২ দিন ধরে তীব্র সমালোচনার পর অবশেষে মুখ খুললেন নোরা ফতেহি। ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানালেন সবটা।
ভিডিও বার্তায় কী জানালেন নোরা ?
ভিডিও বার্তায় তিনি জানান, হিন্দি গানটির লিরিক্স সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না। এই বিষয়ে তিনি বেশিকিছু জানতেন না। অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়া এটা করা হয়েছে। তিনি গানটি মূলত কন্নড় ভাষায় শুট করেছিলেন এবং সম্পূর্ণভাবে টিমের দেওয়া নির্দেশের ওপর নির্ভর করে করেছেন। তিনি বলেন, ''গানটির শুটিং ৩ বছর আগে কন্নড় ভাষায় করেছিলাম। এটা করেছিলাম কারণ এটি একটি বড় সিনেমার অংশ ছিল এবং এতে সঞ্জয় দত্তের মতো একজন বড় অভিনেতা অভিনয় করছিলেন। তাঁর সঙ্গে কাজ করতে কে না চায়? যখন আমি এই গানটির অনুবাদ শুনি তখন আমার কাছে কিছুই অনুপযুক্ত বা অশ্লীল মনে হয়নি। কিন্তু আমি তো কন্নড় বুঝি না, তাই তাঁরা যা বলছেন আমি তাই করেছি।”
নোরা জানান, গানের লঞ্চ অনুষ্ঠানে গানটি শোনার পরেই তিনি বুঝতে পারেন যে এর হিন্দি লিরিকের জন্য তীব্র সমালোচনায় পড়তে হবে। তিনি আরও বলেন, “যখন গানটি হিন্দিতে বাজাল, তখন আমি জানতাম যে সমস্যা হতে চলেছে, কারণ আমি হিন্দিটা বুঝি। তথন আমি পরিচালককে জানাই এর জন্য অনেক সমালোচনা হবে। তাই আমি এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এই গানের বা ছবিটির কোনও প্রচার করিনি। আমি আবারও পরিচালককে জানাই, এতে আমার ভাবমূর্তি ও সুনাম নষ্ট হবে।”
নোরা আরও বলেন, “শিল্পী হিসেবে, বিশেষ করে আমার মতো শিল্পীদের, যাদের মাথার উপর কারোর হাত নেই, তাদের কথা কেউ শোনে না। আমরা 'নেপো কিড' নই। আমরা শুধুই একজন ব্যক্তি এবং আমাদের পেছনে রয়েছে দর্শক। আমাদের ক্ষমতা খুব কম। তবে আমার সৌভাগ্য যে, বলিউডে আমি এমন অনেক মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি যারা আমার মতামতকে সম্মান জানিয়েছেন এবং কিছু সিদ্ধান্তকে সম্মান করেছেন। আমি খুব ভাগ্যবান। তবে বাকিরা শোনে না। তারা আমার মতামতকে পাত্তা দেয় না। তবে এই সমালোচনার জেরে গানটি যে সরিয়ে ফেলা হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।” নোরা দর্শকদের অনুরোধ করেন, যাতে এই গানটি আর শেয়ার না করা হয়। পাশাপাশি কিছু AI ভিডিও ও ছবির কোথাও উল্লেখ করেন তিনি।
