পাকিস্তানি রণবীর সিংহ! আলাপ করুন হাম্মাদ শোয়েবের সঙ্গে
ABP Ananda, Web Desk | 21 Jan 2017 03:28 PM (IST)
মুম্বই: একের পর এক হিট দিয়ে বেফিকরে-য় হোঁচট খেয়েছেন রণবীর সিংহ। কিন্তু সীমান্তের ওপারে তাঁর ফ্যানরা পাগল হয়ে উঠেছেন তাঁরই এক লুক অ্যালাইককে নিয়ে। ইনি হাম্মাদ শোয়েব, বাড়ি পাকিস্তানের ফয়জলাবাদে। দেখতেই পাচ্ছেন, রণবীরের সঙ্গে চেহারায় যথেষ্ট মিল রয়েছে এঁর। মিল আরও বাড়াতে চুলের স্টাইল, দাড়ির ছাঁট- সব রণবীরের মত করে নিয়েছেন হাম্মাদ। এমনকী রণবীরের ডান্স স্টেপও প্র্যাকটিস করছেন তিনি। প্রথমে এক জনপ্রিয় পাক ব্লগার এই সাদৃশ্যের কথা নিজের ব্লগে লেখেন। তারপর পাকিস্তানের প্রায় সব বড় খবরের কাগজে হাম্মাদের খবর বেরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক লাফে বেড়ে গেছে তাঁর ফলোয়ার সংখ্যা। তাঁকে নিয়ে আলোচনা চলছে পুরোদমে। এমনকী ছবিরও অফার পেয়েছেন বছর ২০-র যুবকটি। কিন্তু এখনই সিনেমায় নামতে চান না তিনি। আগে চান, নিজের অভিনয় ও নাচ আরও উন্নত করতে। বেছে বেছে কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে জানিয়েছেন, রণবীরকে নকল না করলেও তাঁর ব্যক্তিত্ব ভাল লাগে তাঁর। তিনি মনে করেন না তাঁকে দীপিকা পাড়ুকোনের প্রেমিকের মত দেখতে কিন্তু লোকে তো তাই মনে করে। তবে হ্যাঁ, রণবীরের সঙ্গে কাজের সুযোগ পেলে ছাড়বেন না। এই মিল ঈশ্বরের দান বলে মন্তব্য করেছেন তিনি। শোয়েব যাই ভাবুন, পাকিস্তানের রণবীর ফ্যানরা রাস্তায় তাঁকে দেখতে পেলে তাঁর সঙ্গে সেলফি তুলছেন, অটোগ্রাফের আবদার করছেন। বহু মেয়ের তাঁর প্রতি মন পড়ে গেছে। সব মিলিয়ে বেজায় ভাল কাটছে শোয়েবের দিন। পাকিস্তানের রণবীর ভক্তরাও খুশি, দুধের স্বাদ ঘোলে মেটাতে পেরে।