কলকাতা: সিনেমা মুক্তির দিনই, চিত্রনাট্য নিয়ে, সিনেমার চরিত্রায়ণ নিয়ে চূড়ান্ত বিতর্ক, বিস্ফোরক অভিযোগ.. গোটা বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন, খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ মুক্তি পেল, যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) এবং সৌরভ দাসের (Sourav Das)-এর প্রযোজনা সংস্থা, 'হোয়াই সো সিরিয়াস' (Why So Serious)-এর প্রথম সিনেমা, 'অভিমান'। সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) এবং যীশু নিজে। কিন্তু এই সিনেমার চিত্রনাট্য নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। তিনি অভিযোগ করেছেন, তিনি গত আড়াই বছর ধরে একটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। গোটাটাই জানতেন প্রসেনজিৎ, কিন্তু তাও তিনি যোগাযোগ করার চেষ্টাই করেননি সুমন ঘোষের সঙ্গে। গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরিচালক সুমন ঘোষ। আর এবার, এই বিষয় নিয়েই মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কী লিখেছেন তিনি?
কী অভিযোগ সুমন ঘোষের?
সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখে পরিচালক সুমন ঘোষ অভিযোগ করেছেন, গত আড়াই বছর ধরে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি সিনেমা পরিকল্পনা করছেন। গোটা সিনেমার চিত্রনাট্য জানতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু এরপরে যখন 'অভিমান'-এর চিত্রনাট্যের অফার আসে তাঁর কাছে.. গোটা বিষয়টা তিনি জানানোর চেষ্টাই করেননি পরিচালক সুমন ঘোষকে। এমনকি সিনেমার টিজার, ট্রেলার দেখার পরে, প্রসেনজিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন পরিচালক সুমন। কিন্তু গোটা বিষয়টাই নাকি এড়িয়ে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
এই বিষয় নিয়ে, এবার মুখ খুললেন প্রসেনজিৎ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'একজন পরিচালক হিসেবে, সুমনকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমাদের ইন্ডাস্ট্রিতে হামেশাই সিনেমার গল্প, থিম এবং চিত্রনাট্য মিলেমিশে যায়, কারণ মানুষের আবেগ, অনুভূতি তো অনেক সময়েই একই। তাই সাংস্কৃতিক মিল থেকে যায় অনেক সময়েই। 'অভিমান' সম্পূর্ণ অনন্য একটা প্রোজেক্ট, আইনত রেজিস্টার করা। ছবির পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং গল্প লিখেছেন, শ্রীজাত। একজন অভিনেতা হিসেবে আমার কাজ কেবল, যে চরিত্র, যে চিত্রনাট্য আমার হাতে আসে, তাতে প্রাণদান করা। অন্য কারও চিত্রনাট্য, ভাবনা নিয়ে নেওয়ার কোনও ইচ্ছা আমাদের একেবারেই নেই। আমি মনে করি.. সুমন পরিচালক হিসেবে সেরা।'
