Chia Seeds Benefits: 'সুপারফুড' চিয়া সিড বা চিয়া বীজ সম্বন্ধে নিঃসন্দেহে সকলেই অবগত। অনেকেই হয়তো তাঁদের দৈনন্দিন ডায়েটের (Daily Diet) তালিকায় চিয়া সিড রাখেন। চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। রয়েছে ভরপুর ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অত্যন্ত উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে এই সুপারফুড শরীরের জন্য যারপরনাই উপকারী তা বলার অপেক্ষা রাখে না। তবে এক্ষেত্রে বেশ কয়েকটি প্রশ্ন আপনার মনে উঁকি দিতেই পারে। যেমন চিয়া সিড কি আদৌ সকলের জন্য উপকারী? চিয়া সিড যদি খেতেও হয় সেক্ষেত্রে কতটা পরিমাণে খাওয়া উচিত? চিয়া সিড খাওয়ার সঠিক সময় কখন? রোজ চিয়া সিড খেয়ে অজান্তেই শরীরের ক্ষতি করে ফেলছেন না তো? কীসের সঙ্গে চিয়া বীজ খেলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন?
চিয়া সিড খাওয়ার রয়েছে হরেক রকম উপায়। সাধারণত ব্রেকফাস্ট বা সকালের জলখাবারে এটি খাওয়া হয়ে থাকে। কেউ কেউ দইয়ের সঙ্গে মিশিয়ে খান, কেউ আবার বিভিন্ন ধরনের স্মুদির সঙ্গে মিশিয়ে চিয়া সিড খেয়ে থাকেন। হাতে সময় থাকলে পুডিং বানিয়ে সেখানেও চিয়া সিড দিয়ে দিব্যি খেয়ে নেন অনেকেই। আবার কোনও আড়ম্বর ছাড়াই জলে ভিজিয়ে খেয়ে ফেলেন অনেকেই। কারণ এনার্জি বাড়াতে, ওজন কমাতে এবং হজমশক্তি ভালো রাখতে চিয়া সিডের জুড়ি মেলা ভার। দীর্ঘ সময় যাবৎ পেট ভরা রাখার জন্যও এটি ভীষণ কার্যকরী। তাই ব্যস্ততায় ভরা রোজকার রুটিনে চিয়া সিড নিঃসন্দেহে অনেক বেশি উপকারী। কিন্তু এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতেই হবে।
যেমন, যাঁদের লো ব্লাড প্রেসার (Low Blood Pressure) বা নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের চিয়া সিড খাওয়া নিয়ে সতর্ক থাকা উচিত। কারণ একাধিক গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চিয়া সিডে রয়েছে বিশাল পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পটাশিয়াম। যেগুলি আবার রক্তচাপ কম করতে সহায়ক। ফলে যাদের রক্তচাপ কম তাদের দৈনন্দিন ভিত্তিতে চিয়া সিড খেলে সমস্যা বাড়তে পারে।
যাঁরা প্রায়ই পেট ব্যথা (Stomach Pain) এবং গ্যাসের সমস্যায় ভোগেন তাঁদের প্রতিদিন চিয়া সিড খাওয়া নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ চিয়া সিডে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। বিভিন্ন গবেষণা বলছে, ওজন কমাতে সহায়ক চিয়া সিডে থাকা ফাইবার (Fiber) পেটের সমস্যা অজান্তেই বাড়িয়ে দিতে পারে। খাবেন না এমন নয়, কিন্তু কতটা খাবেন সে প্রসঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া প্রয়োজন।
আবার এদিকে যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খান, তাঁদের জন্য প্রতিদিন চিয়া সিড খাওয়ার বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অন্যদিকে, এরকম অনেক মানুষ রয়েছেন যাঁদের বীজজাতীয় খাবার খেলে অ্যালার্জি হয়। তাঁরা যদি খুব বেশি পরিমাণে চিয়া সিড খেয়ে ফেলেন তাঁদের কিন্তু অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এর পাশাপাশি, ডায়াবিটিস যাঁদের নিত্য সঙ্গী তাঁদেরও কিন্তু চিয়া সিড খাওয়া নিয়ে সতর্ক থাকতেই হবে। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
