সন্ন্যাসিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য, কেরলের নির্দল বিধায়ককে সমন পাঠাল জাতীয় মহিলা কমিশন
Web Desk, ABP Ananda | 10 Sep 2018 07:50 PM (IST)

নয়াদিল্লি: এক বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা সন্ন্যাসিনী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় কেরলের নির্দল বিধায়ক পি সি জর্জকে সমন পাঠাল জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লু)। তাঁকে ২০ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে। এ বিষয়ে এনসিডব্লু চেয়ারপার্সন রেখা শর্মা বলেছেন, ‘সমাজের একটি গুরুত্বপূর্ণ পদ দখল করে রাখা একজন ব্যক্তির এই ধরনের আপত্তিকর ও মর্যাদাহানিকর মন্তব্যের নিন্দা করছি। পি সি জর্জকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিষয়টির গুরুত্ব মাথায় রেখে আপনাকে এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। তাই ২০ সেপ্টেম্বর কমিশনে হাজির হতে হবে আপনাকে।’ এ বছরের জুলাইয়ে কেরলের কোট্টায়াম জেলার পুলিশ প্রধানের কাছে ওই সন্ন্যাসিনী অভিযোগ করেন, জলন্ধরের বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কল কোট্টায়ামের কাছে একটি ছোট শহরে ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন। শনিবার ওই সন্ন্যাসিনীর এতদিন পরে অভিযোগ করা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক। তাঁর মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন এনসিডব্লু চেয়ারপার্সন। তিনি আরও জানিয়েছেন, কেরলের ডিজিপি লোকনাথ বেহেরাকে চিঠি লিখে এই ধরনের বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন।