মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, জখম অভিনেত্রী শাবানা আজমি, ভর্তি হাসপাতালে
Web Desk, ABP Ananda | 18 Jan 2020 05:45 PM (IST)
গতকাল ছিল জাভেদের ৭৫-তম জন্মদিন। বলিউড ও বাণিজ্য জগতের তারকারা তাঁর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
মুম্বই: গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী শাবানা আজমি। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে কহলপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। শাবানার সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর স্বামী জাভেদ আখতার। তবে তিনি নিরাপদেই আছেন। শাবানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। তাঁকে চিকিত্সার জন্য মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁকে প্রথমে পনভেলের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়। জখম শাবানাকে হাসপাতালে দেখতে আসেন অনিল আম্বানি, অনিল কপূর, তাব্বু। হাসপাতালে রয়েছেন তাঁর স্বামী জাভেদ আখতার ও ছেলে ফারহান আখতার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইট করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। গতকাল ছিল জাভেদের ৭৫-তম জন্মদিন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ সহ বলিউড ও বাণিজ্য জগতের তারকারা তাঁর জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন। স্বামীর জন্মদিনের পরের দিনই দুর্ঘটনায় পড়লেন শাবানা।