নয়াদিল্লি: বিমান নম্বর এআই-৪৬৭-এর ক্রু সদস্যদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া। প্রবল ঝড় ও বজ্রপাতে বিমানের ক্ষতির তথ্য বিমান সুরক্ষা দপ্তরকে না জানানোর জন্যই এই পদক্ষেপ। গত ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লি থেকে বিজয়ওয়াড়া যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বিমানটি। এর ফলে বিমানটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু প্রথা অনুযায়ী বিমানটি গন্তব্যে পৌঁছানোর পর, পাইলট বা কোনও ক্রু সদস্য সে বিষয়ে বিমান সুরক্ষা দপ্তরকে কোনও খবরই দেননি। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরেই ওই বিমানের ক্রু সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও বিমানে থাকা কোনও যাত্রী, পাইলট বা ক্রু সদস্যদের কোনও ক্ষতি হয়নি। এই একই ঘটনা ঘটে বিমান নম্বর এআই-০৪৮ –এর সঙ্গেও। দিল্লি থেকে কোচি যাচ্ছিল বিমানটি। তবে এই বিমানটি দুর্যোগের মুখোমুখি হওয়ার সঙ্গে সঙ্গেই বিমান সুরক্ষা বিভাগকে সেই কথা জানান পাইলট। সেই ঘটনায় কয়েকজন ক্রু সদস্য আহত হন। ভেঙ্গে যায় খাবারের থালা ও বেশ কিছু সামগ্রী। কোচিতে পৌঁছানোর পর ৪ ঘন্টা বিমানবন্দরে রেখেই পরীক্ষানিরীক্ষা করা হয় বিমানটির। এই বিমানটির ক্ষতির পরিমান ও অন্যান্য বিষয় নিয়েও তদন্ত শুরু হয়েছে।