বাজেটের পর শেয়ার বাজারে উত্থান, কমল টাকার দাম
Web Desk, ABP Ananda | 01 Feb 2019 07:13 PM (IST)

মুম্বই: লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ বাজেটে একাধিক জনমুখী ঘোষণার জেরে শেয়ার বাজারে উত্থান দেখা গেল। এদিন সেনসেক্স ২১২.৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৩৬,৪৬৯.৪৩। নিফটি ৬২.৭০ পয়েন্ট বেড়ে হয়েছে ১০,৮৯৩.৬৫। আজ অর্থমন্ত্রী পীযূষ গয়াল যখন লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করছিলেন, তখন সেনসেক্স ৫০০ পয়েন্টেরও বেশি বেড়ে যায়। বিকেলের দিকে শেয়ার বাজারে সাময়িক পতন দেখা গেলেও, দিনের শেষে উত্থানই হয়েছে। এই বাজেটে কৃষিক্ষেত্র ও মধ্যবিত্ত শ্রেণিকে সুবিধা দেওয়ার কথা ঘোষণা হওয়ায় গাড়ি ও ভোগ্যপণ্য সংক্রান্ত শেয়ারগুলির দর বেড়েছে। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধিরও ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারের উপর। তবে পর্যবেক্ষকদের একাংশের মতে, সরকার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা ছাপিয়ে যেতে পারে। এই বিষয়টি নিয়ে তাঁরা উদ্বিগ্ন। শেয়ার বাজারে বাজেটের ইতিবাচক প্রভাব পড়লেও, জনমুখী ঘোষণার ধাক্কায় মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ১৭ পয়সা কমে গিয়েছে। দিনের শেষে টাকার দাম দাঁড়িয়েছে ৭১.২৫। গদত সপ্তাহে টাকার দাম ২ পয়সা বাড়লেও, চলতি সপ্তাহে ৮ পয়সা কমে গেল। আজ দিনের শুরুতে টাকার দাম ছিল ৭১.০৮। এরপর এই দর কমে ৭০.৯৪ থেকে ৭১.৩৯-এর মধ্যে ঘোরাফেরা করতে থাকে। দিনের শেষে টাকার দাম হয় ৭১.২৫।