উত্তর ২৪ পরগনা: বাংলাদেশ সীমান্তবর্তী গাইঘাটায় কি জাল হচ্ছিল ২০০০ টাকার নোট? একদিক ছাপা না হওয়া দু’হাজারি নোট উদ্ধারের পর তেমনই অনুমান তদন্তকারীদের। গাইঘাটা থানার পুলিশের দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সকালে তারা হানা দেয় ঠাকুরনগরের শিমূলপুরের একটি বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় জাল ভোটার কার্ড, আধার কার্ড, জন্মের প্রমাণপত্র, জাল রেশন কার্ড ও প্যান কার্ড। আটক করা হয় ল্যাপটপ সহ জাল নথি তৈরির জিনিসপত্র। গ্রেফতার করা হয় হাবড়ার মছলন্দপুরের বাসিন্দা শুভ বিশ্বাস ও বারাসতের বাসিন্দা নরেন রায়কে। ওই দুই ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে নকল নথি তৈরি করছিল বলে অভিযোগ। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক তপন রায়কেও। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয়েছে একটি অসম্পূর্ণ ২০০০ টাকার জাল নোটও। তল্লাশি চালানোর সময় নথি নিতে আসা এক মহিলাকেও আটক করেছে পুলিশ। কোন নথি তৈরির জন্য তিনি ধৃতদের কত টাকা দিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ অনুমানে, ঘটনার নেপথ্যে রয়েছে বড়সড় চক্র।