প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মার, অভিযুক্ত সিভিক ভলান্টিয়াররা, আটক ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2016 07:52 PM (IST)

উত্তর ২৪ পরগনা: প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করেছিল স্থানীয়রা। এর জেরে বাড়িতে-বাড়িতে ঢুকে হামলা চালাল দুষ্কৃতীরা! নিউ ব্যারাকপুরের এই ঘটনায় অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে! স্থানীয় সূত্রে খবর, বিজয়া দশমীর রাতে নিউ ব্যারাকপুর স্টেশন লাগোয়া একটি ঝোপের আড়ালে বসে কয়েকজন যুবক মদ্যপান করছিল। প্রতিবাদ জানান এলাকার কয়েকজন বাসিন্দা। অভিযোগ, এরপরই প্রতিবাদীদের বাড়িতে হামলা হয়। এরপর এক-কাট্টা হয়ে থানায় অভিযোগ জানাতে যান এলাকার মানুষ। অভিযোগ, থানা থেকে ফেরার সময় আবার হামলা হয় তাঁদের ওপর! আক্রান্তদের দাবি, বিপ্লব রায়-সহ কয়েকজন সিভিক ভলান্টিয়ার দুষ্কৃতীদের মদত দেন। একজন প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ! নিউ ব্যারাকপুর থানার তরফে অবশ্য দাবি করা হয়েছে, সিভিক ভলান্টিয়াররা গণ্ডগোল মেটাতে গিয়েছিলেন। মারধরের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। নবমীর রাতে, প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় সিঁথির সেভেন ট্যাঙ্কস এলাকায় এক বৃদ্ধকে বেধড়ক মারধর করা হয়। এবার নিউ ব্যারাকপুর! ঘটনার জেরে আতঙ্কে এলাকার মানুষ!