কলকাতা : ভোটের দামামা বাজতেই ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু হয়ে গেছে জনসংযোগ, দেওয়াল লিখন। তবে, প্রার্থী তালিকা নিয়ে এখনও বহু জায়গায় অশান্তি অব্যাহত। কোথাও তৃণমূলের প্রার্থী পছন্দ নয়, আবার কোথাও বিজেপির। প্রার্থী বদলের আবেদনে অবস্থান বিক্ষোভ করতেও দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের। এর মাঝে, বিজেপিকে কটাক্ষ করে হঠাৎ এক মন্তব্য করে বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। 

Continues below advertisement

নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে, প্রাথীরা ততই জ্বলে উঠছেন ময়দান থেকে সোশ্যাল মিডিয়ায়। দেওয়াল লিখন, জনসংযোগ থেকে সোশ্যাল মিডিয়াতে একে অপরকে কটাক্ষ, কেউ কাউকে এক চুল জায়গা ছাড়ছে না। আজ হঠাৎ বিজেপির প্রার্থী বদলের বিক্ষোভ নিয়ে ফেসবুকে পোস্ট করে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।' আর এর পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। 

Continues below advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে প্রার্থী করায় অসন্তোষ তৈরি হয় বিজেপি-র অন্দরে। প্রার্থী বদলের দাবি জানিয়ে সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। বিক্ষোভের মাঝে তাঁরা স্লোগান তোলেন, 'রেখা পাত্রকে মানছি না, মানব না', 'হিঙ্গলগঞ্জের প্রার্থী পদ বাতিল করতে হবে, করতে হবে', 'দুর্ব্যবহারকারী, পরাজিত রেখা পাত্রকে চাইছি না, চাইছি না'।

বিক্ষোভকারী কর্মী-সমর্থকদের একজনের বক্তব্য, “রেখা পাত্র সন্দেশখালি বিধানসভা এলাকার মানুষ। তিনি হিঙ্গলগঞ্জের বাসিন্দা নন। আমরা হিঙ্গলগঞ্জের কোনও ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চাই।” অন্য আর এক বিক্ষোভকারী বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেখা পাত্রর হয়ে ময়দানে নেমে লড়াই করি আমরা। তাঁকে জেতানোর চেষ্টা করি। কিন্তু দল হেরে যাওয়ার পর আমাদের কর্মীরা আহত হন, অনেকের বিরুদ্ধে মামলা হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আর সেই সময় বহুবার ফোন করেও আমরা তাঁকে পাইনি। কোনও যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে।”

আর এই বিক্ষোভকে হাতিয়ার করে রবিবার বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করে কটাক্ষ করেন। লেখেন, 'বিজেপির রেখা পাত্রের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ বিজেপি কর্মীদেরই, আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।'

রেখা পাত্রর পাশাপাশি, নারায়ণগড়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর চলে। এছাড়াও, খড়্গপুর সহ একাধিক জেলা থেকে এমন বিক্ষোভের ছবি সামনে এসেছে।