কলকাতা: ভোট ঘোষণার পর কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। এবার সেই তালিকায় নাম লেখালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের খাসতালুক ভবানীপুর থেকে প্রচার শুরু করেন তিনি। রবিবার সন্ধ্যায় ভবানীপুরের অহিন্দ্র মঞ্চে আয়োজিত একটি বৈঠকের মাধ্যমেই কার্যত মহাযুদ্ধের রণকৌশল স্থির করলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন এলাকার ৭ জন কাউন্সিলর এবং বুথ স্তরের কর্মীরা।

Continues below advertisement

চেতলায় কর্মিসভা দিয়ে ভবানীপুরের প্রচার শুরু তৃণমূলনেত্রীর। সভা থেকে বেরিয়ে তিনি বলেন, ''ভবানীপুরের সবাই আমাকে চেনেন, জানেন। আমার বাড়ি বদলের বিষয়ে কথা হলেও, আমি কোনওদিন ভবানীপুর ছাড়িনি। আমার মা আমাকে এই বাড়ি বদল করতেও দেননি।'' তিনি আরও বলেন, 'ভবানীপুর মিনি ইন্ডিয়া, এখানে সব ধর্মের, সব ভাষার মানুষ থাকেন। নানা ধর্মের মানুষ এখানে একসঙ্গে উৎসব পালন করেন। আমি তো সবার অনুষ্ঠানেই যাই, আমার সঙ্গে সবার যোগাযোগ আছে।'

সূত্রের খবর, বৈঠকে দলকে এক বিশেষ বার্তা দেন অভিষেক। তিনি জানান, ' কলকাতার সব কেন্দ্রকে ছাপিয়ে ভবানীপুরকে প্রথম করতে হবে', 'ভবানীপুরে ২৩১টি বুথের লিড ছাপিয়ে যেতে হবে।' তিনি আরও বলেন, মমতাকে শুধু জেতালে হবে না, ৬০ হাজারেরও বেশি ভোটের মার্জিন দিতে হবে'। 

Continues below advertisement

সোমবার থেকেই একেবারে ময়দানে নেমে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে হেভিওয়েট ডুয়েলের আগে কোমর বেঁধেই নামছেন তিনি। তাঁর কেন্দ্র ছাড়া আর কোথায় কোথায় প্রচারে যাচ্ছেন ? চলুন জেনে নেওয়া যাক সেই কর্মসূচি। 

২৪ মার্চ: আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়িতে প্রচার করবেন তৃণমূল নেত্রী। ২৫ মার্চ: রাজগঞ্জ, হরিরামপুর ও মালদহে প্রচার করবেন তৃণমূল নেত্রী। ২৬ মার্চ: নবগ্রাম, খড়গ্রাম, ময়ূরেশ্বর ও পাণ্ডবেশ্বরে প্রচার করবেন তৃণমূল নেত্রী। ২৭ মার্চ: পুরুলিয়া, কাশীপুর, ছাতনা ও ওন্দায় প্রচার করবেন তৃণমূল নেত্রী। ২৮ মার্চ: কোতুলপুর ও গড়বেতায় প্রচার করবেন তৃণমূল নেত্রী। 

 

উল্লেখ্য, এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় রয়েছে ১৫২টি আসন, ভোট হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৪২টি আসন, ভোট হবে ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে । 

প্রথম দফা (২৩ এপ্রিল) - কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। 

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) - নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ করা হবে।