মিয়ামি: গুলি চলল আমেরিকার আরকানসাস প্রদেশের নাইটক্লাবে। ১৭ জনের জখম হওয়ার কথা জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় রাত আড়াইটা নাগাদ আরকানসাসের শহরতলির লিটল রকের পাওয়ার আলট্রা লাউঞ্জের বাইরে গুলির শব্দে ছোটাছুটি শুরু হয়ে যায়। ফলে কয়েকজন পদপিষ্টও হয়েও আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কেএটিভি। ট্যুইটারে লিটল রক পুলিশ বিভাগ লিখেছে, এ ঘটনা কোনও বন্দুকবাজের হামলা বা সন্ত্রাসবাদী হানা বলে আমাদের বিশ্বাস হচ্ছে না। কনসার্টে কোনও গণ্ডগোলের জেরে ঘটে থাকতে পারে। পুলিশ পরে আবার ট্যুইট করে, গুলিচালনায় জখম ১৭ জনের সকলেই জীবিত। ওদের মধ্যে যে একটি লোকের অবস্থা সঙ্কটজনক বলা হয়েছিল, সেও স্থিতিশীল এখন। গুলিচালনায় কাকে সন্দেহ করা হচ্ছে, সে ব্যাপারে কোনও নাম বা তথ্য প্রকাশ করেনি পুলিশ। ওই নাইটক্লাবের ওয়েবসাইট অনুসারে ফিনেস টু টাইমস নামে এক শিল্পীর পারফর্ম করার কথা ছিল।