প্যারিস: আপাতত কড়া বার্তা দিয়েই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে রেখে দিল দ্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত সেই তালিকাতেই থাকবে পাকিস্তান। তারপরও জঙ্গিদের অর্থের জোগান বন্ধ না হলে কালো তালিকাভুক্ত করা হবে ইমরান খানের দেশকে। ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে জঙ্গিদের অর্থ জোগান বন্ধে ‘বাড়তি পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছে এফএটিএফ।
মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে নিজেদের সদর দফতরে পাকিস্তানের নেওয়া পদক্ষেপগুলোর রিভিউ করে এফএটিএফ। অর্থ পাচার এবং জঙ্গিদের আর্থিক সহয়াতা নিয়ে পাকিস্তানের পেশ করা রিপোর্টে খুশি নয় এই সংস্থা। সে কারণেই পাকিস্তানকে আগামী চার মাসের মধ্যে আরও পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছে তারা। যদি ওই সময়ের মধ্যে ইসলামাবাদ উক্ত বিষয়ে কার্যকারি কোনও পদক্ষেপ না নেয়, তাহলে আগামী বছর ফেব্রুয়ারিতে ইমরান খানের দেশকে ‘ব্ল্যাকলিস্ট’ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এফএটিএফ।
ভারত পাকিস্তানের বিরুদ্ধে হাফিজ সঈদের মতো জঙ্গিকে অর্থ সাহায্যের প্রসঙ্গ উত্থাপন করে। এই সন্ত্রাসী অচল অ্যাকাউন্ট থেকে অর্থের লেনদেন করে বলেও এফএটিএফ-কে জানায় ভারত। যদিও চিন, তুরস্ক এবং মালয়েশিয়া পাশে দাঁড়িয়ে পাকিস্তানের নেওয়া পদক্ষেপগুলোকে সাধুবাদ জানায়। যে কারণে কালো তালিকাভুক্ত হওয়া থেকে এবারের মতো রেহাই পেয়ে যায় পাকিস্তান।
তবে পাকিস্তান সরকারের তরফে এই রিপোর্টকে অস্বীকার করা হয়। পাক অর্থমন্ত্রী ওমর হামিদ খান বলেন, এই রিপোর্ট সত্য নয়। পাক প্রতিনিধিত্ব করা আরও এক মন্ত্রী হামাদ আজহার দাবি করেন, ২৭টি ইনডেক্সের মধ্যে ২০টি ক্ষেত্রেই পাকিস্তানের ফল ভাল এবং এফএটিএফ তাতে সন্তুষ্টও।
