নয়াদিল্লি: আদালত চত্বরে টাকার বৃষ্টি। ১০, ২০, ৫০ বা ১০০ নয়, ৫০০ টাকার নোট ঝরে পড়তে দেখা গেল। আকাশ থেকে নয়, গাছের উপর থেকে টাকার বৃষ্টি হল আদালত চত্বরে। গাছের উপর বসে একটি বানর এই কাণ্ড ঘটাল। আর হাঁকপাঁক করে সেই টাকা কুড়োতে দেখা গেল মানুষজনকে। (Monkey Showers RS 500 Notes)
উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে এই ঘটনা সামনে এসেছে। বুলন্দশহরে আদালতে সম্পত্তির রেজিস্ট্রেশন করাতে ঢুকছিলেন কয়েক জন। সেই সময় টাকার ব্যাগ ছিনিয়ে গাছের উঁচু ডালে গিয়ে বসে বানরটি। ব্যাগ হাতড়ে সেখান থেকে মুঠো মুঠো টাকা ছড়াতে থাকে সে। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)
সম্পত্তির রেজিস্ট্রেশনের জন্য় আদালতে পৌঁছেছিলেন রবীন্দ্র লোধী। আইনজীবী আমির গোটি বিষটির তত্ত্বাবধানে ছিলেন। রবীন্দ্রর হাতের ব্য়াগে প্রায় ২ লক্ষ টাকা ছিল। আদালত চত্বরে ঢুকতেই তাঁর হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নেন ওই বানর। কিছু বুঝে ওঠার আগেই লাফিয়ে গাছের মগডালে উঠে যায়।
উঁচুতে বসে টাকার ব্যাগ খোলার চেষ্টা করা বানরটি। উল্টে পাল্টে দেখতে শুরু করে। অনেকেই ওই গাছের নীচে ভিড় করেন। ঢিল ছুড়ে বানরটিকে ভয় দেখানোর চেষ্টাও হয়। কিন্তু বানরটি একেবারে নির্বিকার ছিল। বরং আরামে গাছের ডালে বসে নীচের ভিড়কে পর্যবেক্ষণ করছিল। তবে এর পরই বিপত্তি ঘটে।
আরও পড়ুন: বিজেপি-তে নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না? দল ছাড়ছেন একসময়ের ‘সিঙ্ঘম’, আলাদা পার্টি গড়বেন
উল্টে পাল্টে দেখতে দেখতে একটা সময় পর ব্যাগ খুলে ফেলে বানরটি। হাতড়াতে গিয়ে ভিতর থেকে মুঠো মুঠো টাকা বের করে আনে। এর পর সেই নোট ফেলে দেয় নীচে। টাকা ঝরে পড়তে দেখে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। গোটা বিষয়টি বুঝে উঠতেই পারেননি তাঁরা। টাকা ঝরে পড়তে দেখে, তা কুড়োতে ছুটে যান। আইনজীবী, আদালতের কর্মী থেকে সাধারণ মানুষজন এদিক ওদিক দৌড়তে শুরু করেন টাকা কুড়নোর জন্য। সেই দৃশ্য ক্যামেরায় বন্দি করেন অনেকে।
অনেক চেষ্টার পর ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয় ওই বানরের কাছ থেকে। তবে ব্যাগে থাকা সব টাকা উদ্ধার করা যায়নি। প্রায় ৪০ হাজার টাকার সন্ধান মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অনেকেই টাকা কুড়িয়ে রবীন্দ্রর হাতে তুলে দেন। তবে ৪০ হাজার টাকা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বুলন্দশহর আদালতে বানরের উৎপাত নতুন কিছু নয়। তবে বানরের হাতে টাকা বৃষ্টির ঘটনা এই প্রথম।
