নয়াদিল্লি: ঘুমপাড়ানি মাসি-পিসিকে আর ঘুম পাড়িয়ে দিতে হয় না। বই খুলে বসলেই ঘুমে চোখ জড়িয়ে আসে অনেকের। তাই পড়ব পড়ব করেও বই পড়া আর হয় না অনেকের। বরং আজকাল ঘুম আসার সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে বই। তবে শুধুই কি মানুষ! বইয়ের পাতায় চোখ রাখামাত্র ঘুমে ঢলে পড়তে দেখা গেল এক বাছুরকেও। (Calf Falls Asleep Looking at Book)
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বাছুরের সামনে বই খুলে রেখে দিয়ে যান বাড়ির মালিক। আর তাতেই ঘুমে চোখ জড়িয়ে আসে বাছুরটির। ভিডিও-য় দেখা গিয়েছে, মাটিতে পা মুড়ে বসে রয়েছে বাছুরটি। সামনে, পাথরের উপর বই খুলে রাখা আছে। কয়েক মুহূর্তে বইয়ের খোলা পাতায় চোখ বোলায় বাছুরটি। আর তার পরই ঢুলতে শুরু করে সে। (Viral News)
ভিডিওয় দেখা যায়, চোখ একবারে বুঝে আসছে বাছুরটির। ঢুলতে ঢুলতে প্রথমে ডান দিকে ঘাড় ঘোরায় সে। কিন্তু সেদিকে বেশ সুবিধা করে উঠতে পারছিল না। আবার ঘুম চোখেই বাঁ দিকে ঘাড় ঘোরায়। শেষ পর্যন্ত গোল করে পাকিয়ে রাখা শরীরের উপর মাথাটা কোনও রকমে ঠেস দেয়। আর কোনও ভাবনাচিন্তায় না গিয়ে ঘুমিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এমনিতে রাত পেরিয়ে ভোর হয়ে গেলেও ঘুম আসে না অনেকের। কিন্তু বই খুলে বসলেই চোখ ঘুমে চোখ জড়িয়ে আসে একেবারে। চটজলদি ঘুম আসার উপায় হিসেবেও তাই অনেকে বই পড়েন। বিশেষজ্ঞদের মতে, কাজকর্ম, হাঁটাচলার সময় আমাদের শরীরের সিমপ্যাথেটিক সিস্টেম সক্রিয় থাকে। ফলে সচল থাকে শরীর। কিন্তু বই খুলে যখন পড়তে বসি, সেই সময় শরীর একেবারে শান্ত ও স্থির থাকে। এমন পরিস্থিতিতে প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে, যা শরীরকে বিশ্রামের জন্য প্রস্তুত করে। এর ফলে মস্তিষ্কে ঘুমের সঙ্কেত পৌঁছয়। তাতেই চোখ বুজে আসে।
তবে বই পড়ার সময় যাতে ঘুম না আসে, তার উপায়ও রয়েছে। সেক্ষেত্রে ঘরে যথেষ্ট আলো থাকা দরকার। শুয়ে শুয়ে বই পড়ার থেকে হয়ে বসে বই পড়ুন, অথবা পায়চারি করতে করতে। একটানা বই না পড়ে, মাঝে ‘ব্রেক’ নিন। পর্যাপ্ত জলপান জরুকি।
