Train Incident : ভয়ঙ্কর দুর্ঘটনা ! ট্রেনের মাথার উপরে যুবক, বিদ্যুতের সংস্পর্শে আসতেই...

ট্রেনের ইঞ্জিনের উপরে উঠলো এক যুবক!
প্রতিদিনের মত শনিবারও পানাগড় স্টেশনে ৯টা ৪২মিনিটে হাওড়া থেকে পানাগড় স্টেশনে এসে দাঁড়ায় বিভূতি এক্সপ্রেস। সেই সময় হঠাৎই এক যুবককে ট্রেনের বগির উপরে শুয়ে থাকতে দেখেন যাত্রীরা।
কিছু মানুষ ছুটে গিয়ে ট্রেনের চালককে বিষয়টি জানাতে সঙ্গে সঙ্গে চালক ট্রেন দাঁড় করিয়ে রাখেন ও স্টেশন ম্যানেজারকে খবর দেন। ওই যুবককে যাত্রীরা ট্রেনের উপর থেকে নামানোর চেষ্টা করলে যুবক ইঞ্জিনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময় ঘটে যায় মারাত্মক ঘটনা।
যুবক ছুটে যাওয়ার সময় ট্রেনের উপরে থাকা ইলেকট্রিক তারের সংস্পর্শে আসলে বিকট শব্দ হওয়ার পরই ওই যুবক ছিটকে ইঞ্জিনের উপরে পড়ে যান। খবর পেয়ে ছুটে আসেন রেল পুলিশের আধিকারিকরা ও রেলের কর্মীরা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর রেল কর্মীরা গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ট্রেনের ইঞ্জিনের সামনে থেকে নামিয়ে তাকে হাসপাতালে পাঠায়।
১০টা ১৬ মিনিট নাগাদ বিভূতি এক্সপ্রেস-কে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, হাওড়া স্টেশন থেকেই ওই যুবক ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে উঠে যাত্রা করছিলেন। বর্ধমান স্টেশন পার করার পর গলসি স্টেশনের কাছে গেটের সামনে চলে যান। পানাগড় স্টেশন ঢোকার মুখে চলন্ত ট্রেনের জানালার রড ধরে বগির উপর উঠে যান।
বিভূতি এক্সপ্রেস স্টেশনে দাঁড়ানোর পর যাত্রীরা তার খোঁজ শুরু করে। তার পরেই তাকে ট্রেনের বগির উপর শুয়ে থাকতে দেখা যায়।চালকের তৎপরতায় ওই যুবকের প্রাণ বেঁচে যায়।