নয়াদিল্লি: ইতিহাস গড়ার পথে ভারত। আজ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। উপগ্রহের বুকে এই নিয়ে তৃতীয় অভিযান ভারতের, যাকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, বুধবার...More
নয়াদিল্লি: ইতিহাস গড়ার পথে ভারত। আজ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। উপগ্রহের বুকে এই নিয়ে তৃতীয় অভিযান ভারতের, যাকে ঘিরে উদ্দীপনা তুঙ্গে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে, বুধবার বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রযান-৩ মহাকাশযানকে চন্দ্রপৃষ্ঠে নামানোর প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্যান্ডার 'বিক্রম'। (Chandrayaan 3 Landing LIVE)শূন্য় থেকে চন্দ্রপৃষ্ঠে অবতরণের মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হবে। ISRO জানিয়েছে, গোটা বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)চন্দ্রপৃষ্ঠ থেকে দূরত্ব যখন ২৫ কিলোমিটার হবে, সেই সময়ই চন্দ্রযানকে নামানোর প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে শূন্যে অনুভূমিক ভাবে অবস্থান করছে চন্দ্রযান-৩। অবতরণের সময় অবস্থান হবে উল্লম্ব। উল্লম্ব ভাবে অবতরণ করালেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানো সম্ভব চন্দ্রযান-৩ মহাকাশযানকে। (Chandrayaan 3 Landing Live Updates)চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় মহাকাশযানের গতি শ্লথ রাখা হবে। প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার গতিতে নামানো হবে নীচের দিকে, ঘণ্টার হিসেবে যা ৬০৪৮ কিলোমিটার। মহাজগতের নিরিখে এই গতি শ্লথ হলেও, পৃথিবীতে বিমানের গতির তুলনায় অবতরণের সময় চন্দ্রযান-৩ মহাকাশযানের গতি প্রায় ১০ গুণ বেশি থাকবে।চন্দ্রপৃষ্ঠের সঙ্গে দূরত্ব যত কমবে, ততই গতি কমিয়ে আনা হবে ল্যান্ডার 'বিক্রমে'র। বিজ্ঞানের ভাষা এই পর্যায়কে বলা হয় 'রাফ ব্রেকিং'। অবতরণের সময় চন্দ্রযান-৩ মহাকাশযানের এই 'রাফ ব্রেকিং'-এর জন্য ১১ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এর পর শুরু হবে 'ফাইন ব্রেকিং' পর্যায়, ঠিক যে পর্যায়ে চন্দ্রযান-২ মহাকাশযানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিজ্ঞানীরা।দূরত্ব কমে যখন ১৫০ মিটারে পৌঁছবে, চন্দ্রপৃষ্ঠের ছবি তুলবে, যা দেখে অবতরণের উপযুক্ত জায়গা বেছে নেওয়া হবে। তাতে বসানো সেন্সর চন্দ্রভূমির স্পর্শ পেলে, ল্যান্ডারের চারটি পা যখন মাটি ছোঁবে, ইঞ্জিন বন্ধ করে দেবেন বিজ্ঞানীরা। চাদের মাটিকে বলা হয় রেগোলিথ। অবতরণের পর ওই মাটি থিতিয়ে আসার জন্য অপেক্ষা করা হবে। এর পর ল্যান্ডার থেকে আলাদা হয়ে চাঁদের মাটিতে নামবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করবে রোভার 'প্রজ্ঞান'। তবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের পর নিজ নিজ জায়গায় থিতু হয়ে, সবার আগে পরস্পরের সেলফি তুলবে 'বিক্রম' এবং 'প্রজ্ঞান'। মুহূর্তের মধ্যেই তা হাতে এসে পৌঁছবে ISRO-র বিজ্ঞানীদের।ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান' চাঁদের বুকে এক চন্দ্রদিবস অতিবাহিত করবে, পৃথিবীর হিসেবে যা ১৪ দিন। সব ঠিক থাকলে, চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের।