নয়াদিল্লি: চন্দ্রাভিযানে গিয়ে একের পর এক রেকর্ড। Artemis 2 অভিযান তাই সব দিক থেকেই ঐতিহাসিক হয়ে উঠল। এই প্রথম চাঁদের উল্টোপিঠের ছবি তুললেন মহাকাশচারীরা। সেই সঙ্গে চাঁদের উল্টোপিঠ থেকে পৃথিবীকে অস্ত যেতেও দেখলেন। ‘Earthset’ নামে ফ্রেমবন্দি হল সেই বিশেষ মুহূর্ত। (Earthset Captured by Artemis 2)
Orion মহাকাশযান থেকে যে ছবি তুলেছেন মহাকাশচারীরা, তাতে ফ্যাকাশে নীল রংয়ের পৃথিবী দৃশ্যমান। উপরিভাগ ঢেকে রেখেছে উজ্জ্বল সাদা মেঘ। চাঁদের উল্টোপিঠের এবড়োখেবড়ো, গর্তভর্তি ভূমির পিছনে ধীরে ধীরে অস্ত যেতে দেখা যায় পৃথিবীকে। (Artemis 2 Mission)
এই ছবি আরও নজরকাড়া হয়ে উঠেছে চিত্রগ্রাহকের মুন্সিয়ানার গুণে। কারণ একই সঙ্গে পৃথিবীর অন্ধকার অংশ, দিনের আলোয় প্রাণবন্ত হয়ে ওঠা অংশের বৈপরীত্য ফুটে উঠেছে ছবিটিতে। অস্ট্রেলিয়া এবং ওশিয়ানিয়ার উপর অবস্থান করা পুঞ্জীভূত মেঘ আরও মোহময়ী করে রূপ দিয়েছে পৃথিবীকে।
চাঁদের উল্টোপিঠের Ohm গহ্বরটিও ছবিতে ধরা পড়েছে। সোপানের আকারে গা নেমে এসেছে কিনারা। গহ্বরের নীচের অংশ সমতলের মতোই। হোয়াইট হাউসের তরফে ছবিটি সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে, যাতে লেখা হয়েছে, ‘মানবতা, অন্য প্রান্ত থেকে’। আরও একটি ছবি পোস্ট করে হোয়াইট হাউস, যাতে সূর্যগ্রহণ দৃশ্যমান। অভিযানের শেষে ওই ছবি তোলেন মহাকাশচারীরা, যাতে চাঁদ একেবারে সূর্যকে ঢেকে রেখেছে।
অ্যাপোলো অভিযানের পাঁচ দশকেরও বেশি সময় পর, এই প্রথম চাঁদের কাছাকাছি মানুষ পাঠাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. ২০২৮ সালে ফের চাঁদের মাটিতে মানুষ নামানোর পরিকল্পনা রয়েছে তাদের। সেই অভিযানের আগে পরিস্থিতি পরখ করে দেখতেই Artemis 2 অভিযান। চাঁদে দীর্ঘমেয়াদি অভিযান চালাতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। Artemis 2 অভিযানে চার মহাকাশচারী চাঁদের চারিদিকে চক্কর কাটেন। রিড ওয়াইজম্যান নেতৃত্ব দেন অভিযানে। NASA-ক ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচের পাশাপাশি, কানাডার জেরেমি হ্যানসেবও রয়েছেন মহাকাশযানটিতে।। সোমবার দীর্ঘ সাত ঘণ্টা ধরে শুধু ছবিই সংগ্রহ করেন তাঁরা।
