নয়াদিল্লি: সামাজিক রীতিনীতির বালাই নেই বন-জঙ্গলে। কিন্তু জঙ্গলের ‘আইন’কেও উপেক্ষা করে মন দেওয়ানেওয়া হল দু’জনের। কোনও জোর-জবরদস্তি বা অপারাগতার বশবর্তী হয়ে নয়, বরং স্বেচ্ছায় পরস্পরকে গ্রহণ করল সম্পূর্ণ ভিন্ন প্রজাতির দুই প্রাণী। এমন বিরল ঘটনার সাক্ষী হলেন বিজ্ঞানীরা। (Animal Behavior)

Continues below advertisement

ইথিওপিয়ার মালভূমিতে ‘জ়েলাডা বাবুন’ নামের তৃণভোজী বানর নিয়ে গবেষণা করতে গিয়েছিলেন একদল বিজ্ঞানী। সেখানে পুরুষ গাধা এবং ষাঁড়ের পারস্পরিক শারীরিক আকর্ষণের সাক্ষীও তাঁরা হন বলে দাবি করেছে একটি গবেষণাপত্র। (Animal Intelligence)

ইতালির ইউনিভার্সিটি অফ পিসার প্রাণীবিজ্ঞানীরা বিষয়টির খোলসা করেছেন। গত ২ নভেম্বর Current Biology জার্নালে পুঙ্খানুপুঙ্খ ঘটনা তুলে ধরেছেন তাঁরা। জানিয়েছেন, ওই পুরুষ গাধা এবং ষাঁড়টি মোটেই এক গোয়ালের বাসিন্দা নয়। ঘাস খেতে এসে মাঝেসাঝেই সাক্ষাৎ হয় তাদের। আর তখনই স্বেচ্ছায় পরস্পরের সান্নিধ্যলাভ করে তারা।

Continues below advertisement

আরও পড়ুন: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ

বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই পুরুষ গাধা এবং ষাঁড়টির মালিক ভিন্ন। দড়ি ধরে মালিক মাঠে ঘাস খাওয়াতে নিয়ে এলেই দেখা-সাক্ষাতের সুযোগ হয়। আর তাতেই পরস্পরের সঙ্গে মিলিত হয় তারা। শুধুমাত্র শারীরিক আকর্ষণই নয়, পুরুষ গাধাটির প্রতি স্নেহও ব্যক্ত করতে দেখা যায় ষাঁড়টিকে। মাথায় মাথা বাড়িয়ে আলতো গুঁতো থেকে শুরু করে পুরুষ গাধাটিকে আদরে ভরিয়ে দেয় সে। সাধারণ ভাবে ষাঁড় এবং গাভীর মধ্যেই এমন প্রজননমূলক আচরণ দেখা যায়। 

বিজ্ঞানীরা পুরুষ গাধাটির নাম রেখেছেন Patroclo. ষাঁড়টির নাম রাখা হয়েছে Achille. গ্রিক কবি হোমারের ‘ইলিয়াডে’ দু’জনের সম্পর্কের কথা মাথায় রেখেই এমন নামকরণ। ওই পুরুষ গাধা এবং ষাঁড়টির প্রথম সাক্ষাৎ কবে হয়, তা জানা যায়নি। তবে স্থানীয় পশুপালকরা প্রায় সকলেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।

পশুপাখিদের শারীরিক আকর্ষণ নিয়ে গবেষণা নতুন কিছু নয়। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের গবেষক মাটিল্ডা ব্রিন্ডল এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। CNN-কে তিনি বলেন, “পশুপাখিদের মধ্যে বিদ্যমান শারীরিক আকর্ষণের প্রকৃত ব্যাপ্তি বোঝার ক্ষেত্রে এই রিপোর্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশুপাখিদের মধ্যে প্রজনন বহির্ভূত শারীরিক আকর্ষণ সম্পর্কে অতি সামান্যই জ্ঞান আমাদের। বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে সমকামী সম্পর্ক নিয়ে যথেষ্ট গবেষণা হয়নি এখনও পর্যন্ত।”

আরও পড়ুন: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল

এর আগেও বিভিন্ন প্রজাতি প্রাণীদের মধ্যে সম্পর্কের সাক্ষী হয়েছেন বিজ্ঞানীরা, শারীরিক আকর্ষণও তার অন্তর্ভুক্ত ছিল।  শুধু পুরুষই নয়, স্ত্রী লিঙ্গের পশুপাখিরাও শারীরিক চাহিদার জন্য সীমানা অতিক্রম করে। জাপানের ম্যাকক প্রজাতির স্ত্রী বানরদের দেখা গিয়েছে সিকা হরিণের পিঠে চড়ে আত্মতৃপ্ত হতে। সেক্ষেত্রে হরিণরা উদাসীনই থাকে। নেদারল্যান্ডসে আবার পুরুষ ম্যালার্ড হাঁসকে একটি পুরুষ হাঁসের উপর চেপে বসতে দেখা যায়। 

তবে ইথিওপিয়ার ওই পুরুষ গাধা এবং ষাঁড়টির আচরণ শুধুমাত্র শারীরিক আকর্ষণের মধ্য়ে সীমাবদ্ধ ছিল না। বরং ঘাস খাওয়ার সময়ও পরস্পরের কাছাকাছি থাকতে দেখা যায় তাদের। অন্য পশুদের তুলনায়, তাদেরই দেখা যায় পরস্পরকে বেশি আদর করতে। বিজ্ঞানীরা বলছেন, চাইলে দু’জনেই নিজ নিজ প্রজাতির সঙ্গী বেছে নিতে পারত। কিন্তু তা না করে পরস্পরকে বেশি গুরুত্ব দিয়েছে তারা। 

এমন ঘটনার সাক্ষীও হয়েছেন বিজ্ঞানীরা, যেখানে ষাঁড়টি অন্য গাধার দিকেও এগিয়ে গিয়েছে। সেই গাধাগুলি তাকে দেখে লাথি ছোড়ে, দূরে সরে যায়। কিন্তু Patroclo কখনওই বিরক্তি প্রকাশ করেনি। বরং Achille অন্য কোনও প্রাণীর ঘনিষ্ঠ হলে সে এগিয়ে আসত। হালকা স্পর্শ করত Achille-কে। এর পর অন্য প্রাণীটিকে ছেড়ে Patroclo-র প্রতি মন দিত Achille. এমনকি অন্য একটি ষাঁড়ও Patroclo-র দিকে এগিয়ে আসে দু’-দু’বার। কিন্তু কামড়ে তাকে তাড়িয়ে দেয় Patroclo.

বিজ্ঞানীরা মনে করছেন, পরস্পরের উপর চেপে বসা পশুপাখিদের মধ্যে সামাজিক বন্ধন তৈরি এবং তা টিকিয়ে রাখার উপায় হতে পারে। তবে এক্ষেত্রে শুধুমাত্র দু’টি ভিন্ন প্রজাতির প্রাণীকেই এত ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। ফলে তারা পরস্পরকে বেশ পছন্দই করে বলে মনে করা হচ্ছে। আপাতত ওই চারণভূমিতে আর ঘাস নেই। তাই Achille এবং Patroclo-কে আলাদা আলাদা চারণভূমিতে নিয়ে যাচ্ছেন তাদের মালিকরা। পরবর্তীতে দেখা হলে পুনর্মিলনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। গবেষকদের একটি দল ইথিপিওয়ায় রয়েছেন। তাঁরা দেখবেন, আবার দেখা হলে পুনর্মিলন ঘটে কি না তাদের মধ্যে। নাকি দীর্ঘ সময় আলাদা থাকার পর তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, দেখা হবে তা।

তথ্যসূত্র: Current Biology