নয়াদিল্লি: বিরল এবং অস্বাভাবিক দেখতে সাপের দেখা পাওয়া গেল এবার। দু’টি মাথা রয়েছে সাপটির। শুধু দুই মাথাই নয়, চোখও দু’জোড়া। গুজরাতের একটি খামার থেকে উদ্ধার করা হল সেটিকে। বিরল ওই সাপটির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বিরল প্রজাতির সাপটি দেখে উচ্ছ্বসিত। (Snake with Two Heads Found)
গুজরাতের দাহোড়ের ধনপুর তালুকের একটি খামার থেকে সাপটিকে উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য মেরেকেটে ছয় ইঞ্চি। সেটি খামারে ঘুরে বেড়াচ্ছিল বলে জানা যাচ্ছে। সেই সময় সাপটির উপর নজর পড়ে লোকজনের। তাঁরাই সাপটিকে ধরার ব্যবস্থা করেন। স্থানীয়দের মুখে মুখে বিষয়টি চাউর হয়ে যায়। (Rare Snake Found)
দুই মাথা বিশিষ্ট সাপ উদ্ধারের খবর পেয়ে ওই খামারে পৌঁছে যায় ‘দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডল’। সেটি একটি অলাভজনক সংস্থা। বন্যপ্রাণী উদ্ধারই তাদের কাজ। তারা নিরাপদে সাপটিকে উদ্ধার করে আনেন। দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট সাপ দেখতে ওই খামারে ভিড় উপচে পড়ে। নানা জল্পনাও ছড়ায় মুখে মুখে। সেই অবস্থাতেই সাপটিকে বের করে আনেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘জ্ঞানেশ নন, বিজেপি-কে জেতাচ্ছেন গণেশ’, দাবি সম্বিত পাত্রের, পাল্টা বিরোধীদের
ওই সাপটিকে ‘Wolf Snake’ বলে চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাপটির বিষধর নয়। মানুষের জন্য বিপজ্জনক নয় একবারেই। তবে ওই সাপটি বিরল প্রকৃতির। সেটির ‘সাইসেফালি’ রয়েছে, যার ফলে প্রাণীর শরীরে একটির পরিবর্তে দু’টি মাথা গজিয়ে ওঠে।
দুই মাথা বিশিষ্ট পশু-পাখিতে বিরল হিসেবেই গণ্য করা হয়। শরীরের বিকাশ সংক্রান্ত অস্বাভাবিকতা চোখে পড়ে এক্ষেত্রে। স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, মাছের ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। সচরাচর এমন ঘটনা চোখে পড়ে না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্রূণের বিকাশের সময়ই এই ধরনই এই অবস্থা তৈরি হয়। দুই ভ্রূণ সম্পূর্ণ ভাবে পৃথক না হলে, বা ভ্রূণের অস্বাভাবিক গঠনের সঙ্গে এই অবস্থার সংযোগ পাওয়া যায়। প্রাণীবিজ্ঞান অনুযায়ী, দুই মাথা বিশিষ্ট ‘বাইসেফালি’ অবস্থা সবচেয়ে বেশি দেখা যায় সাপেদের মধ্য়েই। তাই বলে প্রায়শই দেখা যায় এমন নয়।
গুজরাতের দাহোড়ে যে দুই মাথা বিশিষ্ট সাপ পাওয়া গিয়েছে, তাতে দু’টি মাথাতেই একজোড়া করে চোখ রয়েছে। মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের গঠনও পৃথক। ‘দাহোড় প্রকৃতি মিত্র মণ্ডল’ জানিয়েছে, গুজরাতে এই প্রথম এমন সাপ চোখে পড়ল তাদের। ভারতেও এমন নজির হাতেগোনা। দুই মাথাবিশিষ্ট দু’টি গোখরো, তিনটি ‘Wolf Snake’-ই পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।
সাপের পাশাপাশি, দুই মাথাবিশিষ্ট কচ্ছপও পাওয়া যায়। এক্ষেত্রে দু’টি মাথার নড়াচড়াও আলাদা হয়। খাবার, বিপদ দেখে প্রতিক্রিয়ায়ও হয় ভিন্ন। এর ফলে অসুবিধাই হয়। জঙ্গলে টিকে থাকা কঠিন হয়ে যায়। দাহোড়ে উদ্ধার হওয়া সাপটির বয়স প্রায় এক বছর।
