খারাপ পারফরম্যান্সের জের, কোচ শেরিংহ্যামকে সরিয়ে দিল এটিকে
Web Desk, ABP Ananda | 24 Jan 2018 03:04 PM (IST)

কলকাতা: এবারের আইএসএল-এ জঘন্য পারফরম্যান্সের জেরে প্রধান কোচ টেডি শেরিংহ্যামকে বরখাস্ত করল এটিকে। আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে কাজ চালাবেন সহকারী কোচ অ্যাশলে ওয়েস্টউড। গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার শেরিংহ্যামকে কোচ করার কথা ঘোষণা করে এটিকে। কিন্তু টটেনহ্যাম হটস্পার, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই প্রাক্তনীর কোচিংয়ে মোটেই সাফল্য পায়নি এটিকে। ১০টি ম্যাচের মধ্যে চারটিতে হেরে এবং তিনটি ম্যাচ ড্র করে আপাতত আইএসএল-এ ১০টি দলের মধ্যে আট নম্বরে কলকাতার দলটি। সেই কারণেই চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগেই শেরিংহ্যামকে ছেঁটে ফেলা হল। এটিকে-র অন্যতম কর্ণধার উৎসব পারেখ বলেছেন, ‘শেরিংহ্যাম আর আমাদের কোচ নেই। ওয়েস্টউড অন্তর্বর্তী কোচ হয়েছেন। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। আমি সিইও রঘু আয়ারের সঙ্গে কথা বলে ঘোষণা করব।’