অবৈধ অ্যাকশন, শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিংয়ে এক বছরের নিষেধাজ্ঞা আইসিসি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2019 09:16 AM (IST)
অবৈধ অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিংয়ের ক্ষেত্রে এক বছরের নিষেধাজ্ঞা জারি করল আইসিসি। তাঁর বোলিং অ্যাকশনের নিরপেক্ষ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

দুবাই: অবৈধ অ্যাকশনের জন্য শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিংয়ের ক্ষেত্রে এক বছরের নিষেধাজ্ঞা জারি করল আইসিসি। তাঁর বোলিং অ্যাকশনের নিরপেক্ষ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। গত ১৪-১৮ অগাস্ট গলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ আধিকারিকদের রিপোর্ট জমা পড়ে। এরপর আইসিসি তাঁর অ্যাকশন পর্যালোচনা করে দেখে। গত ২৯ অগাস্ট চেন্নাইতে তাঁর বোলিং অ্যাকশন পর্যালোচনা করে দেখা হয়। এই পর্যালোচনায় তাঁর বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে পর্যালোচনা সংক্রান্ত আইসিসি নিয়মবিধির ১১.১ ধারা অনুযায়ী, ধনঞ্জয়ের এই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। প্রথমে ২০১৮-র ডিসেম্বরে তাঁর বোলিংয়ে সাসপেনশন জারি করা হয়েছিল। ত্রুটি সারিয়ে ফের পর্যালোচনার পর গত ফেব্রুয়ারিতে তাঁকে বোলিং শুরুর অনুমোদন দেওয়া হয়েছিল। দুই বছরের মধ্যে ধনঞ্জয়ের মধ্যে দুবার রিপোর্ট জমা পড়ে। প্রথমে সাসপেনশনের মুখে পড়তে হয়েছিল তাঁকে। পরে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর বোলিংয়ের ক্ষেত্রে ১২ মাসের নিষেধাজ্ঞা জারি হল। তাঁর অ্যাকশন পুনরায় পর্যালোচনার জন্য ধনঞ্জয়ের আইসিসি-র দ্বারস্থ হওয়ার সুযোগ থাকছে।