বিশ্ব হকি লিগে একই পুলে ভারত-পাকিস্তান
Web Desk, ABP Ananda | 03 Dec 2016 04:17 PM (IST)

লন্ডন: ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতা বিশ্ব হকি লিগ সেমি-ফাইনালে একই পুলে ভারত ও পাকিস্তান। আগামী বছরের ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সেখানেই ১৮ জুন ভারত-পাক ম্যাচ হবে। এশিয়ার সেরা দল ভারত, পাকিস্তান, রিও অলিম্পিকে সোনা জেতা আর্জেন্তিনা, ইউরোপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া এবং আয়োজক দেশ ইংল্যান্ড ইতিমধ্যেই বিশ্ব হকি লিগ সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আরও চারটি দল যোগ্যতা অর্জনের জন্য লড়াই করবে। আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডের মাধ্যমে চারটি দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করবে। ২০১৮ সালে পুরুষদের হকি বিশ্বকাপ হবে ভুবনেশ্বরে। তার আগে বিশ্ব হকি লিগ ফাইনাল প্রতিযোগিতাও হবে ভারতে। স্বভাবতই বিশ্ব হকি লিগ সেমি-ফাইনাল রুপিন্দর পাল সিংহদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-পাকিস্তান একই পুলে থাকায় এই প্রতিযোগিতার অন্য তাৎপর্যও রয়েছে।