প্রথম অধিনায়ক হিসেবে ছয়টি দ্বিশতরানের বিশ্বরেকর্ড কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Dec 2017 12:16 PM (IST)

নয়াদিল্লি: প্রথম অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ছয়টি দ্বিশতরানের রেকর্ড গড়লেন বিরাট কোহলি।এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারাকে পিছনে ফেললেন তিনি। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি করে একাধিক নজির গড়লেন ভারতীয় দলের অধিনায়ক। নাগপুরে সিরিজের দ্বিতীয় টেস্টেই দ্বিশতরানের সংখ্যায় ভারতের প্রাক্তন ব্যাটিং তারকা রাহুল দ্রাবিড়কে ছুঁয়েছিলেন তিনি। এদিন ভারতের হয়ে সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি করার ক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগের সঙ্গে একই পর্যায়ে উঠে এলেন তিনি। ওই দুই প্রাক্তন ব্যাটসম্যানেরও টেস্টে দ্বিশতরান ছয়টি। বিনোদ কাম্বলির পর কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি পর পর দুটি টেস্টে দ্বিশতরান করলেন। ১৯৯৩-এ কাম্বলি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৪ এবং দিল্লিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২২৭ রান করেছিলেন। দ্বিশতরানের তালিকায় ষষ্ঠস্থানে রয়েছেন কোহলি। এক্ষেত্রে সবার ওপরে স্যর ডন ব্র্যাডম্যান। তাঁর ডাবলের সংখ্যা ১২। এরপর রয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (১১), লারা (৯), ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড (৭) এবং শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে (৭)।