বিসিসিআই সূত্রে খবর, এই ঘটনা নিয়ে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ডের কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে। বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না বলেছেন, এই ঘটনার তদন্ত করা হবে। রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল গাড়ি!
Web Desk, ABP Ananda | 03 Nov 2017 10:08 PM (IST)

নয়াদিল্লি: নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন ২২ গজে ঢুকে পড়ল গাড়ি! দিল্লি-উত্তর প্রদেশের ম্যাচের মাঝে ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। দিল্লির পালামের এয়ারফোর্স গ্রাউন্ডে চলছিল ম্যাচ। খেলছিলেন গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা, ঋষভ পন্থের মতো নামী ক্রিকেটাররা। শুক্রবার বিকেল ৪.৪০ মিনিট নাগাদ হঠাত্ই মাঠে ঢুকে পড়ে একটি গাড়ি। ঘটনায় হতভম্ব ক্রিকেটার থেকে কর্তারা। সাধারণত, স্টেডিয়ামের মেন গেটে চেকিং ছাড়া গাড়ি ঢুকতে দেওয়া হয় না। কিন্তু, এদিন মেন গেটে নিরাপত্তারক্ষী না থাকায় বিনা বাধায় ঢুকে পড়ে গাড়িটি। হতবাক হয়ে যান ক্রিকেটাররা। মাঠে একপাক ঘুরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক গিরিশ শর্মা। তবে এবার তৎপর হন নিরাপত্তারক্ষীরা। গিরিশকে আটক করেছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে।