নয়াদিল্লি: গতকাল বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৩৭ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যতে শোকস্তব্ধ সারা দেশ। এই নারকীয় হামলার নিন্দায় সরব হয়েছেন ভারতীয়রা। সরকারও এই ঘটনার কড়া নিন্দা করে পাকিস্তানকে তাদের দেশে সক্রিয় সন্ত্রাসবাদীদের মদতদান বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে। গতকালের হামলার ঘটনায় শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটাররাও। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।ট্যুইটারে তিনি লিখেছেন, পুলওয়ামায় হামলার খবরে আমি মর্মাহত। শহিদদের পরিবারের লোকজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এর আগে তাঁর একটি ট্যুইটকে কেন্দ্র করে ট্যুইটারে সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। কোহলি ওই ট্যুইটে আসন্ন ইন্ডিয়ান স্পোর্টস অনারের জন্য অনুরাগীদের তাঁদের পছন্দের ক্লাবগুলিকে ফলো করার আর্জি জানান। সমালোচকরা কোহলির এই ট্যুইটের সময় নিয়ে প্রশ্ন তোলেন। সারা দেশ যখন জওয়ানদের মৃত্যু মূহ্যমান, তখন এ কোহলির এই ট্যুইট নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এরপর কোহলি পুলওয়ামার হামলার নিন্দা করে ট্যুইট করেন। কোহলি ছাড়াও বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, ভিভিএস লক্ষ্মণ, শিখর ধবন, সুরেশ রায়না ও মহম্মদ কাইফরাও ট্যুইটের মাধ্যমে তাঁদের শোক ও মর্মবেদনার কথা জানান।
সহবাগের ট্যুইট, জম্মু ও কাশ্মীরে আমাদের সিআরপিফের ওপর কাপুরুষোচিত হামলার ঘটনায় ব্যথিত। এই যন্ত্রণা বর্ণনার কোনও ভাষাই নেই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
লক্ষ্মণের ট্যুইট, পুলওয়ামায় আমাদের নির্ভীক সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় দুঃখিত ও ব্যথিত। হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।