নয়াদিল্লি: দু’মাসের দক্ষিণ আফ্রিকা সফরের পর দেশে ফিরেছে ভারতীয় দল। দীর্ঘদিন পর পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে সবাই খুশি। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও বাড়ি ফিরে আনন্দিত। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন, বাড়ির কফির স্বাদ যেন বেড়ে যায়! এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। টেস্ট সিরিজে ২-১ ফলে হারলেও, একদিনের ও টি-২০ সিরিজ জিতেছেন বিরাটরা। এই প্রথম দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতল ভারতীয় দল। স্বভাবতই এই সাফল্যে উচ্ছ্বসিত বিরাট। মাঠের মতোই মাঠের বাইরেও মন জয় করেছেন বিরাট। তিনি ও বিপক্ষ অধিনায়ক ফাপ দু প্লেসি কেপ টাউনে তীব্র জলসঙ্কটের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নলকূপ তৈরি এবং মানুষকে বোতলবন্দি জল দেওয়ার জন্য দু’দলের পক্ষ থেকে একটি সংস্থাকে ৫.৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। বিরাট বলেছেন, ‘কেপ টাউন বিশ্বের অন্যতম সুন্দর শহর। আমরা যখনই নিউল্যান্ডসে খেলতে আসি, স্থানীয় লোকজন খুব ভাল ব্যবহার করেন। আমরা খরার বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছি।’