মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কর্মীকে 'কুপিয়ে খুন', গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ
মুর্শিদাবাদের খড়গ্রামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। মৃত আবু বাক্কার শেখের বাড়ি বালিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রসিংহবাটি গ্রামে। পরিবারের অভিযোগ, গতকাল রাতে ওই গ্রামেই ৬-৭ জন মিলে তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় আবু বাক্কারকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ওই খুন। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ওই গ্রামেই এর আগে আবু বাক্কারদের বিরুদ্ধ গোষ্ঠীর একজন খুন হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে দাবি। তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।