8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Salary News: সেই ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ বা ৩.৮৩ হলে আপনার কত বেসিক পে বাড়বে, এখানে রইল হিসেবে।

Salary News: অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য থাকতে পারে চমক। সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধিতেই বেসিক পে (Basic Pay) বাড়তে পারে অনেকটাই। সেই ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ বা ৩.৮৩ হলে আপনার কত বেসিক পে বাড়বে, এখানে রইল হিসেবে।
কারা তুলেছে কত ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি
ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন (FNPO) বর্তমানে কর্মীদের ৩-৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর রাখার দাবি তুলেছে। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) ছাড়াও অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে কমিশনের কাছে। একবার অষ্টম বেতন কমিশন এই দাবিতে সিলমোহর দিলেই তা পৌঁছে যাবে সরকারের কাছে।
আসলে কী এই ফিটমেন্ট ফ্যাক্টর ?
প্রতি বেতন কমিশনের পরিকাঠামো বৃদ্ধির ক্ষেত্রে নির্ধারক হিসাবে কাজ করে এই ফিটমেন্ট ফ্যাক্টর। যেকোনও পে কমিশনের মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি গুণক ব্যবহার করা হয়। এই গুণককে ফিটমেন্ট ফ্যাক্টর বলে। এই বিষয়টি বুঝতে হবে, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। ফিটমেন্ট ফ্যাক্টর যত বাড়বে বেতনও তত বেশি বাড়বে।
সূত্র : বর্তমান বেসিক পে x ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন বেসিক পে।
উদাহরণস্বরূপ, আপনার বেসিক পে ১৮,০০০ টাকা হলে , সেই কর্মীর ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী আনুমানিক সংশোধিত বেসিক পে হতে পারে ৫৮,৫০০ টাকা। পাশাপাশি ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এই বেসিক পে হতে পারে ৬৮,৯৯৪ টাকা। মনে রাখবেন এটি একটি আশা অনুযায়ী সম্ভাব্য হিসেবের পরিসংখ্যান। অষ্টম বেতন কমিশন এখনও এই বিষয়ে কোনও অনুমোদন দেয়নি।
| বেতনের লেভেল | বর্তমান বেসিক পে | ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ হলে | ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ হলে |
| লেভেল ১ | ১৮,০০০ টাকা | ৫৮,৫০০ টাকা | ৬৮,৯৯৪ টাকা |
| লেভেল ২ | ১৯,৯০০ টাকা | ৬৪,৬৭৫ টাকা | ৭৬,২৭৭ টাকা |
| লেভেল ৩ | ২১,৭০০ টাকা | ৭০,৫২৫ টাকা | ৮৩,১৭৬ টাকা |
| লেভেল ৪ | ২৫,৫০০ টাকা | ৮২,৮৭৫ টাকা | ৯৭,৬৮২ টাকা |
| লেভেল ৫ | ২৯,২০০ টাকা | ৯৪,৯০০ টাকা | ১,১১,৮৬৪ টাকা |
| লেভেল ৬ | ৩৫,৪০০ টাকা | ১,১৫,০৫০ টাকা | ১,৩৫,৬৫৮ টাকা |
| লেভেল ৭ | ৪৪,৯০০ টাকা | ১,৪৫,৯২৫ টাকা | ১,৭২,২৫২ টাকা |
| লেভেল ১০ | ৫৬,১০০ টাকা | ১,৮২,৩২৫ টাকা | ২,১৫,০৩১ টাকা |
| লেভেল ১৩ | ১,২৩,১০০ টাকা | ৪,০০,০৭৫ টাকা | ৪,৭১,৮৪২ টাকা |
| লেভেল ১৮ | ২,৫০,০০০ টাকা | ৮,১২,৫০০ টাকা | ৯,৫৮,২৫০ টাকা |
আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?






















